২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তি: এখনো ফাঁকা ১১২ আসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তির পর এখনো ১১২টি আসন ফাঁকা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর ভর্তি প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কারণে উত্তীর্ণ শিক্ষার্থীরা ওইসব আসনে ভর্তি হতে পারেননি। পরবর্তীতে ফাঁকা আসনে ভর্তির নতুন কোনো উদ্যোগও নেয়নি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে জানা যায়, ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নির্ধারিত তিন হাজার ৬৮০ আসনের জন্য প্রথম ধাপে প্রকাশিত মেধা তালিকার অনেক পরীক্ষার্থী ভর্তি হননি। আবার ভর্তি হওয়া কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে চলে যাওয়ায় ১১২টি আসন ফাঁকা হয়।

বিভিন্ন অনুষদ থেকে পাওয়া তথ্য দেখা যায়, ফলিত গণিত বিভাগে ২০টি, পদার্থ বিজ্ঞানে ১০টি, আরবি সাহিত্যে ৯টি, উদ্ভিদ বিজ্ঞানে ৬টি, সঙ্গীতে ৮টি, চারুকলায় ৫টি, ইসলামিক স্টাডিজে ৬টি, নাট্যকলা ৪টি, ইতিহাস বিভাগে ২টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪টি, ফার্সি বিভাগে ৪টি, উর্দু বিভাগে ২টি, পরিসংখ্যান বিভাগে ২টি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ১টি, পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ১টি, সমাজকর্ম বিভাগে ১টি, সমাজবিজ্ঞান বিভাগে ২টি, লোকপ্রশাসন বিভাগে ৩টি, নৃবিজ্ঞান বিভাগে ২টি, ফোকলোর বিভাগে ৪টি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৬টি, প্রাণিবিদ্যা বিভাগে ২টি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৫টি, ইরফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ২টি আসন ফাঁকা রয়েছে।

গত বছর ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলে। ১ জানুয়ারি থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অপেক্ষামান থাকা শিক্ষার্থী আমেনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে বিকেলে ভর্তি হওয়ার জন্য নোটিশ দেয়। যার সময়সীমা একদিনও থাকে না। ফলে দূর থেকে আমরা সময়মতো ভর্তি হতে পারিনি।”

ভর্তি হওয়ার সময় প্রশাসন অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করাতে কিছুটা ছলছাতুরির আশ্রয় নেয় বলেও অভিযোগ করেন এই শিক্ষার্থী।

জুবায়ের ইবনে কলিম নামের এক শিক্ষার্থী বলেন, “আসন ফাঁকা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ না দেওয়ায় আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। অন্য কোথাও ভর্তি না হয়ে এখানে ভর্তির আশায় আছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো উদ্যোগ না দেখে আমরা উদ্বিগ্ন।”

বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আনসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তির বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার। আসন শূন্যের বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানিয়েছে। অনুমতি পেলে আবার শূন্য আসনে ভর্তি কার্যক্রম শুরু করব।”

উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার দুপুরে বলেন, “আমরা শুনেছি বিভিন্ন বিভাগে আসন ফাঁকা রয়েছে। আগের প্রশাসন বিষয়টি দেখার কথা ছিল। তাই বিলম্ব হলেও আমরা খুব শিগগির নোটিশ দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করব।”