২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন বরাদ্দ থেকে ‘চাঁদাবাজি’

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় উন্নয়ন বরাদ্দের টাকা থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকালে জেলা শহরের উপজাতীয় ঠিকাদার সমিতি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন লক্ষ্মীছড়ির বিভিন্ন ইউনিয়নের কার্বারিরা (গ্রামপ্রধান)।   

এতে ১১ জন কার্বারি তাদের লিখিত বক্তব্যে চাঁদাবাজির জন্য বিশেষ সন্ত্রাসী গ্রুপ ‘বোরখা পার্টিকে’ দায়ী করেন।

এ সময় উপস্থিত পাড়া প্রধানরা দাবি করেন, ২০০৯ সাল থেকে এই বাহিনীর হাতে চার ব্যক্তি খুন হয়েছে। এখনো তারা হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। 

আগামী ১৫ এপ্রিলের মধ্যে বোরখা পার্টির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আশংকা করছেন কার্বারিরা।  

হাজাছড়িপাড়ার প্রধান কৃষ্ণ মোহন কার্বারি বলেন, লক্ষ্মীছড়ির ১৪৪টি পাড়া উন্নয়ন কেন্দ্র (পিডিসি) ও ৩৩টি পাড়া নারী উন্নয়ন কমিটির (পিএনডিসি) জন্য দাতা সংস্থা নগদ চার লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।  

এ অর্থ থেকে বোরখা পার্টি নামধারী সন্ত্রাসীরা কেন্দ্রপ্রতি ২০ হাজার করে চাঁদা দাবি করে আসছে।

গত ১৭ ও ২৪ মার্চ লক্ষ্মীছড়ি বাজারের সাপ্তাহিক হাটবারে জ্যোতিষ দেওয়ান ও ইন্দ্র চাকমা নামের দুই সন্ত্রাসী পাড়া প্রধানদের ডেকে এই চাঁদা দাবি করে বলেও জানান কৃষ্ণ।

সংবাদ সম্মেলনে কৈলাশ মহাজন, কুসুমতারা চাকমা, নন্দী কুমার চাকমা, সুইলাপ্রু মার্মা প্রমুখ কার্বারি উপস্থিত ছিলেন।