অনশন থেকে খোলা চিঠি যাবে প্রধানমন্ত্রী বরাবর
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের অনশনকারীরা প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিয়ে দাবি বাস্তবায়নের অনুরোধ জানাবেন।
অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হলে শনিবার রাতে অনলাইনে প্রধানমন্ত্রীকে এ খোলা চিঠি দেয়া হবে।
বিকালে শহীদ রুমী স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোনিমা নদী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আর ১০ ঘণ্টা পরেই আমদের অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হবে। এরপরই অনলাইনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেয়া হবে। জামায়াত নিষিদ্ধের দাবির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মানুষের সংহতির চিত্র তুলে ধরা হবে চিঠিতে।
“এছাড়া যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী দল জামায়াত-শিবির নিষিদ্ধের ব্যাপারে সরকারের পদক্ষেপ কী হবে এবং তা কবে নাগাদ শুরু হবে তাও চিঠিতে জানতে চাওয়া হবে।”
অনশনকারীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে ৩০ মার্চ সবাইকে কালো ব্যাজ ধারণ করে এক ঘণ্টার জন্য প্রতীকী অনশনে বসানোরও আহ্বান জানায় শহীদ রুমি স্কোয়াড। প্রতীকী অনশনের ছবি তাদের ফেইসবুক পৃষ্ঠায় পোস্ট করারও অনুরোধ জানানো হয়।
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে গত মঙ্গলবার রাত থেকে অনশন করছে শহীদ রুমি স্কোয়াডের সদস্যরা। অনশনের পঞ্চম দিনে তাদের ছয় জন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে অনশনস্থলেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এখন পর্যন্ত ২০ জন শারীরিকভাবে এই অনশনে যোগ দিয়েছেন। আর তাদের সঙ্গে সংহতি জানিয়েছে ১৩০টি সংগঠন।
তথ্য কমিশনার সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন, অভিনেত্রী বন্যা মির্জা, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব আহমেদুল্লাহ রতনসহ অনেকেই এদিন তাদের আন্দোলনের প্রতি সংহতি জানান।
