২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার সকালে এসআই দীপক কুমার ও এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

দুইটি মামলার একটির এজাহারে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০০ জনকে আসামি করা হয়।

অপরটিতে ওই নয়জনসহ আরো চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে।

কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাংচুরের মামলার আসামি ধরতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে তিনজন নিহত হয়।