২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী ধরতে গিয়ে হাতিরঝিলে পুলিশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ ও ছিনতাইকারীদের গুলি বিনিময়ে এক পুলিশ সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 05:48 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার ভোরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত উপ পরিদর্শক জুবায়ের হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তার ডান হাতের বাহুতে গুলি লাগে।

এছাড়া গ্রেপ্তার জসিম উদ্দিন, মহিউদ্দিন ও রানার মধ্যে গুলিবিদ্ধ প্রথম দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা থানার এস আই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে ইউনাইটেড পরিবহনের একটি বাস গুলিস্থান থেকে মিরপুরের দিকে যাওয়ার পথে একদল ছিনতাইকারী ওই বাসে ওঠে। বিষয়টি টের পেয়ে পুলিশ বাসটি থামানোর সংকেত দেয়।

“কিন্তু তারা না থেমে বিজিএমইএ ভবনের সামনে চলে আসে এবং বাস রেখে পুলিশের দিকে গুলি ছুড়তে ছুড়তে দৌঁড়ে হাতিরঝিলের দিকে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি চালায়।”

দুই পক্ষের গেলাগুলির মধ্যে এস আই জুবায়ের আহত হন। এরপর তিন ছিনতাইকারীকে দুটি ছুরিসহ গ্রেপ্তার করা হয় বলে আব্দুর রহিম জানান।