সুনামগঞ্জে লোক উৎসব শুরু
সুনামগঞ্জে তিন দিনব্যাপী কবি হাছনরাজা, রাধারমন, শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শহরের জুবিলা উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ সদর আসনের সাংসদ মতিউর রহমান উৎসবের উদ্বোধন করেন।
প্রথম দিন রাধারমনের উপর আলোচনা করেন গবেষক সুবাস উদ্দিন। পরে রাধারমন রচিত গান পরিবেশন করেন শিল্পীরা।
উৎসবের দ্বিতীয় দিনে হাছনরাজা, তৃতীয় দিন শাহ আবদুল করিম স্মরণে আলোচনা সভা, জীবনী পাঠ ও তাদের রচিত গান পরিবেশিত হবে।
এবার উৎসবের পৃষ্ঠপোষক বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী বলেন, কয়েক বছর ধরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব হচ্ছে। আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা জাসদ সভাপতি আতম সালেহ বক্তব্য রাখেন।
