আপিল বিভাগে নতুন ৪ বিচারক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন একসঙ্গে কাজ করবেন ১০ জন বিচারক।
আগের ছয়জনের সঙ্গে নতুন চারজনকে বৃহস্পতিবার নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি এদের নিয়োগ অনুমোদন দিয়েছেন।”
বর্তমানে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে রয়েছেন বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।
এদের মধ্যে শেষ চার বিচারপতি একত্রে নিয়োগ পেয়েছিলেন। তবে তাদের পরে নিয়োগ পেয়ে ইতোমধ্যে অবসরে চলে গেছেন বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি মো. শামসুল হুদা।
আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ আনোয়ারুল হক ২০০১ সালের ৩ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন। ২০০৩ সালের ৩ জুলাই তার নিয়োগ স্থায়ী হয়।
তিনি ১৯৭২ সালের ১৫ এপ্রিল মুন্সেফ হিসাবে বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন।
সিদ্দিকুর রহমান মিয়া ১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসাবে যোগ দিয়ে ১৯৯৩ সালের ৩ মার্চ জজ হিসাবে পদোন্নতি পান।
তিনি ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী হন তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। আট বছর পর ২০০৯ সালের ২৫ মার্চ তার নিয়োগ স্থায়ী হয়।
এই বিচারপতি ১৯৮১ সালের ২১ অগাস্ট আইন পেশায় যোগ দেন। আইনজীবী হিসেবে ১৯৮৩ সালে হাই কোর্টে কাজ শুরু করেন তিনি।
১৯৭৮ সালে হাই কোর্টে আইন পেশায় যোগ দেয়া এএইচএম শামসুদ্দিন চৌধুরী ২০০১ সালের ৩ জুলাই ফেব্রুয়ারি হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান।
তিনিও আট বছর পর হাসান ফয়েজের সঙ্গে ২০০৯ সালের ২৫ মার্চ স্থায়ী নিয়োগ পান।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী হাই কোর্ট বিভাগের বিচারকদের বর্তমান জ্যেষ্ঠতার ক্রমে ৪১ এবং ৪২তম হিসাবে রয়েছেন।
তবে হাই কোর্ট বিভাগে অস্থায়ী বিচারক হিসাবে মেয়াদ শেষ করার পর যথাসময়ে স্থায়ী হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্ট বিভাগের সর্বজ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের চেয়েও জ্যেষ্ঠ থাকতেন। অন্যদিকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর অবস্থান থাকত বিচারপতি আনোয়ারুল হকের পরেই।
বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক হাই কোর্ট বিভাগে জ্যেষ্ঠতার ক্রমে শীর্ষে ছিলেন। সিদ্দিকুর রহমান মিয়া জ্যেষ্ঠতার ক্রমে পাঁচ নম্বরে অবস্থান করছেন। মাঝের তিন বিচারকের সঙ্গে একইদিনে তিনি নিয়োগ পেয়েছিলেন। তবে বয়স কম হওয়ার জ্যেষ্ঠতার ক্রমে পিছিয়ে পড়েন।
আপিল বিভাগে বর্তমানে একটি বেঞ্চ রয়েছে। সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে আপিল বিভাগের বিচারপতিরা বিচার কাজ পরিচালনা করেন। আপিল বিভাগের বিচারপতিদের বিচারকাজ পরিচালনার জন্য আরেকটি বিচারকক্ষ ফাঁকা পড়ে আছে।
অতীতে বিভিন্ন সময়ে বিচারপতিদের সংখ্যা বেশি থাকলে মামলার চাপ কমানো বা গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য আপিল বিভাগের একাধিক বেঞ্চ আলাদা বিচারকক্ষে কাজ করেছে।
