ভূমি আদালত থেকে নথি ‘ছিনতাই’
বরিশালের ভূমি আদালতে একটি মামলার শুনানি চলাকালে নথি ‘ছিনিয়ে’ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ভূমি আদালতের বিচারক সহকারী ভূমি কর্মকর্তা রনজিত কুমার খাসকেলের এজলাসে মামলাটির শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
রনজিত কুমার খাসকেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারধীন একটি মামলার শুনানির সময় বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম লোকজনসহ এজলাসে ঢুকে নথিপত্র নিয়ে চলে যায়।
এরপর সেসব নথির ফটোকপি ফেরত দিলেও মূল কপি ফেরত পাওয়া যায়নি।
এ বিষয়ে রনজিত কুমার বলেন, নথি ফেরত না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজামুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।
