২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে রেললাইনে আগুন, আটক ১০

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই চাঁদপুরে রেললাইনের ওপর আগুন ধরিয়ে হরতাল সমর্থকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:27 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলের নেতৃত্বে হরতাল সমর্থকরা সকালে গুনরাজদী এলাকায় রেললাইনে আগুন ধরিয়ে দেয়। ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

শহরের আক্কাস আলী স্কুল এলাকায় হরতালকারীরা গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। এছাড়া শহরের মঠখোলা, ষোলঘর এবং জেএম সেনগুপ্ত সড়কে বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে চাইলেও পুলিশ বাধা দেয়।

ওসি মাহবুব জানান, সকালে হরতালে পিকেটিং করার সময় চাঁদপুরের বিভিন্নস্থান থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।

১১ মার্চ নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চও ৩৬ ঘণ্টা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

এরপরও নেতাকর্মীরা মুক্তি না পাওয়ায় গত রোববার সংবাদ সম্মেলন করে বুধ-বৃহস্পতি এই হরতালের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।