ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী আহত
হরতালের মধ্যে চট্টগ্রামে জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে এক স্কুলছাত্রী আহত হয়েছে।
বিস্ফোরণে আহত অন্তু বড়–য়াকে (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াত শিবরকর্মীরা ঝটিকা মিছির বের করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। ওই সময় প্রাইভেট পড়তে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আহত হয় অন্তু।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেমসেন লেইনের মুখে হরতালকারীরা হাতবোমা ফাটায় ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। আহত ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে ৩৬ ঘন্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
হরতালের দ্বিতীয় দিন সকালে নগরীর কয়েকটি স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি ও ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
নগর বিএনপি কর্মীরা নাসিমন ভবনের সামনে অবস্থান নিয়ে পিকেটিং ও সমাবেশ করছে।
এছাড়া বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
