সিলেটে গাড়ি ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ
হরতালের দ্বিতীয় দিনের শুরুতে সিলেটে গাড়ি ভাংচুর ও বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নেতা-কর্মীদের মুক্তি দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা এই হরতালের শেষ দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে নগরীর মেডিকেল রোড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়।
এ সময় পাঁচ-ছয়টি হাতবোমা ফাটিয়ে পুলিশ আসার আগেই দ্রুত ওই এলাকা ত্যাগ করে তারা বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পৌনে ৮টায় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে ও পাথর ফেলে অবরোধ করে হরতাল সমর্থকরা। এখানেও কয়েকটি হাতবোমা ফাটায় তারা।
সকাল থেকে নগরীর বাগবাড়ি, শিবগঞ্জ, বালুচর, শিববাড়ি, শাহীইদগাহ, বাদামবাগিছা ও মদিনা মার্কেট এলাকায় বেশ কয়েকটি অটোরিকশা ভাংচুর করে শিবিরকর্মীরা।
সাড়ে ৭টায় জিন্দাবাজার এলাকায় প্রথমে মহানগর বিএনপি ও পরে জেলা বিএনপির একাংশ হরতালের সমর্থনে মিছিল করে।
সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না। নাশকতা এড়াতে নগরীতে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সিলেটে হরতালে বড় কোনো গোলোযোগ যায়নি। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ মাঠে রয়েছে।
সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে সব ট্রেন স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
গত ১১ মার্চ নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দশটি হাতবোমা।
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চও ৩৬ ঘণ্টা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
এরপরও নেতাকর্মীরা মুক্তি না পাওয়ায় গত রোববার সংবাদ সম্মেলন করে বুধ-বৃহস্পতি এই হরতালের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
