কেরানীগঞ্জে দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম
ঢাকার কেরানীগঞ্জে দুই যুবককে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
আহতরা হলেন- মিলন মিয়া (২৯) ও মাসুদ রানা রনি (২৩)।
মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের বাসা রাজধানীর দক্ষিণ বাড্ডায়। মঙ্গলবার তারা কেরানীগঞ্জে পরিচিতি এক ব্যক্তির বাড়িতে যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই যুবককে ঢাকা মহানগর থেকে ওই এলাকায় ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
কারা মেরেছে- জানতে চাইলে ওসি বলেন, আহতরা কিছু নাম পুলিশের কাছে বলেছে। তদন্তের প্রয়োজনে তা এখন বলা যাবে না।
আহত দুজনের মধ্যে রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিলনকে চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে ওই এলাকায় উজ্জ্বল নামে পূর্ব পরিচিত এক যুবক ডেকে নেয়। রাতে উজ্জ্বলদের বাসায় ছিলেন তারা।
উজ্জলের একটি মোটর সাইকেল কয়েকদিন আগে হারিয়ে যায়। তার সন্দেহ, তাতে রনি ও মিলন জড়িত।
রনি বলেন, “ওই চুরির বিষয়টি তুলে রাতে উজ্জ্বল ও তার কয়েক বন্ধু মিলে আমাদের হাত-পা বেঁধে মারধর করে। সকালে তাদের দুজনকে রাস্তায় রেখে ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করে।”
চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রনি ও মিলনকে মারতে থাকে। একপর্যায়ে রনি ঘটনা খুলে বললে তারা পুলিশে খবর দেয়।
মিলনের কাছে একটি ভাঙা পিস্তল পাওয়া গেছে বলে ওসি জানান। রনি দাবি করেছেন, উজ্জ্বলই পিস্তলটি মিলনের কোমরে গুঁজে দিয়েছিল।
মিলনের চোখে আঘাতের চিহ্ন রয়েছে, যাতে মনে হচ্ছে চোখ উৎপাটনের চেষ্টা হয়েছিল।
ওসি বলেন, চোখে কী ধরনের ক্ষতি হয়েছে, তা দু’একদিন পর বোঝা যাবে।
ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক বলে পুলিশ জানিয়েছে।
