২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য পরিবহনে নিরাপত্তার নিশ্চয়তা চান ব্যবসায়ীরা

 দেশের ব্যবসায়ী নেতারা পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর প্রধানের কাছে দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

তারা বুধবার পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে এ দাবি জানান বলে বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাত করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী।

তারা আইজিপিকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘন ঘন হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নিরাপদে পণ্য পরিবহন করা যাচ্ছে না। নিরাপত্তার অভাবে উদ্যোক্তারা হরতাল চলাকালে এই পথে একদিকে রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে পারছেনা, অন্যদিকে শিল্পের আমদানিকৃত কাঁচামালও কারখানায় আনতে পারছেন না। এতে রপ্তানিমুখী শিল্পে গভীর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ব্যবসায়ী নেতারা রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

তারা উল্লেখ করেন যে, হরতাল চলাকালে চৌদ্দগ্রাম ও সীতাকুন্ডে গার্মেন্টস এর পণ্যবাহী কভার্ড ভ্যান জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।  

আইজিপি হাসান মাহমুদ খন্দকার ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, যে কোনো মূল্যেই সরকার রপ্তানি বাণিজ্য সচল রাখতে বদ্ধপরিকর। সরকার এ ব্যাপারে ব্যবসায়ীদের সব ধরনের নিশ্চয়তা দিচ্ছে। পণ্য পরিবহন নিরাপদ করতে

হাইওয়ে পুলিশকে আরো সক্রিয় ও তৎপর করা হবে।