শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের উদ্যোগ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের জন্য সরকার আলোচনা শুরু করছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বুধবার দুপুরে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের নতুন ১২টি কাউন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ফারুক খান বলেন, “শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে এবং তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণের জন্য সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে।”
তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।
মাস্টারপ্ল্যান অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরে আরেকটি রানওয়ে নির্মাণ করা সম্ভব কিনা তা যাচাই করে দেখতে ২০০৯ সালের মার্চে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) একেএম মাহাবুব আলমকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজও খুব শিগগিরই শুরু করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “বিমানবন্দরটির সামগ্রিক উন্নয়নের বিষয়ে একটি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা চলছে।”
এছাড়া জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘ দিন বন্ধ থাকা আভ্যন্তরীণ দুটি রুট ঢাকা-বরিশাল এবং ঢাকা-ঈশ্বরদী কয়েক মাসের মধ্যে চালুর সম্ভাবনার কথাও জানান মন্ত্রী।
বিমানের নবনিযুক্ত এমডি কেভিন ষ্টিলের ব্যাপারে ফারুক খান বেশ আশাবাদী। তিনি মনে করেন, তার [কেভিন ষ্টিল] অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিমানকে সমস্যা থেকে বের করে আনা সম্ভব হবে। এতে দেশের এভিয়েশন ইন্ডাষ্ট্রিও লাভবান হবে।
এ সময় মন্ত্রী বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের ১২টি নতুন চেক-ইন কাউন্টার উদ্বোধন করেন।
যাত্রী সেবার মান উন্নয়ন ও গতিশীল করার জন্যই কাউন্টার সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর তথ্য অনুযায়ী, এজন্য মোট ব্যয় হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা।
