২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারদের ধাওয়া, অটোরিকশা উল্টে আহত ৪

হরতালে পিকেটারদের ধাওয়ায় গাজীপুর সদরে নারীসহ চারজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার সকালে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় এ ঘটনায় আহতরা হলেন উপজেলার ইটাহাটা গ্রামের প্রয়াত জানে আলমের স্ত্রী হাসিনা বেগম (৪৫), তার মেয়ে ফাহিমা বেগম (২৩), ছেলে সাইফুল ইসলাম সজীব (২১) এবং বাসন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নীলা (২৫)।

তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসিনা বেগম সাংবাদিকদের বলেন, বুধবার তিনি সন্তানসম্ভবা মেয়ে ফাহিমাকে নিয়ে ইটাহাটা এলাকা থেকে অটোরিকশায় গাজীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন।

সকাল ৮টার দিকে নলজানী সিয়াম ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে তাদের অটোরিকশাটির দিকে পিকেটাররা ঢিল ছুঁড়তে শুরু করে।

এ সময় দ্রুত চালিয়ে পালাতে গিয়ে স্কুটারটি উল্টে যায়।

দুর্ঘটনায় হাসিনা ও নীলার ডান হাত ভেঙ্গে যায়, ফাহিমা কোমরে এবং সজীব শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।

হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা নাহার বলেন, আলট্রাসনোগ্রাম করা ছাড়া তাৎক্ষণিকভাবে ফাহিমার অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। বড় ধরনের কোন সমস্যা দেখা দিলে তাকে ঢাকায় পাঠানো হবে।