খালেদার বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনী নিয়ে বক্তব্যের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ফাইল ছবি
গত রোববার বগুড়ায় সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”
খালেদা জিয়ার ওই বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহসম’ মন্তব্য করে দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
খালেদা জিয়ার এই বক্তব্য সেনা ‘হস্তক্ষেপের’ উস্কানি বলেই মনে করেন আওয়ামী লীগ নেতারা।
হরতালে নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনে যা বলা আছে সহিংসতা দমনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।”
বুধবার একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মহাসড়কে বা রেলপথে যারা অগ্নিসংযোগ, ভাংচুর বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে তাদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদরদপ্তরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
