২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমানকে স্মরণে জাতিসংঘে নীরবতা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

Image
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন জিল্লুর রহমান।

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন জিল্লুর রহমান।

গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে মারা যান জিল্লুর রহমান।

তার মৃত্যুতে ২৬ মার্চ সকালে নিউ ইয়র্কে বিশ্ব সংস্থাটির সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের শোকার্ত মানুষের প্রতি সহমর্মিতা জানানো হয়।

এরপর বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে স্মরণ করে বক্তব্য দেন মহাসচিব বান কি-মুন।

তিনি বলেন, গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের সার্বিক কল্যাণের জন্য লড়াইয়ে জিল্লুর রহমানের তার জীবনের ৮৪ বছরের ৫০ বছরই ব্যয় করেছেন।

“বাহান্নর ভাষা আন্দোলনেও তার ব্যাপক ভূমিকা ছিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তার লড়াকু ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন ভাল রাজনৈতিক কর্মী হিসেবে বাঙালির হৃদয়ে তিনি অনন্তকাল স্মরণীয় থাকবেন।”

মহাসচিব বলেন, জিল্লুর রহমানের মতো বিচক্ষণ নেতৃত্বের কারণেই বহুবিধ সমস্যা সত্ত্বেও বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাফল্য দেখিয়েছে।

“নারীর ক্ষমতায়নের এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীই শুধু নারী নন, প্রশাসনের বিভিন্ন স্তর ও মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারীরা। বাংলাদেশের নারী পুলিশরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।”

Image
আলোচনা সভায় তরুণ রাজনীতিক জিল্লুর রহমান।

আলোচনা সভায় তরুণ রাজনীতিক জিল্লুর রহমান।

স্মরণসভায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

বাংলাদেশের রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাতে এই সভার আয়োজন করায় জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনের সভাপতিসহ ১৯৩ রাষ্ট্রের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভুক জেরেমিকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ঘানার স্থায়ী প্রতিনিধি কেন কান্দা এই শোক সভায় সভাপতিত্ব করেন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং বাংলাদেশের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে অন্যদের মধ্যে আফ্রিকান রাষ্ট্রসমূহের পক্ষে শাদের রাষ্ট্রদূত আহমেদ এলাম-মি, এশিয়া প্যাসিফিক রাষ্ট্রগুলোর পক্ষে কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী মোহাম্মদ মালিকী, পূর্ব ইউরোপ অঞ্চলের রাষ্ট্রসমূহের পক্ষে মালডোভার রাষ্ট্রদূত জর্জ লিউকা, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রসমূহের পক্ষে সেন্ট লুসিয়ার রাষ্ট্রদূত ম্যানিসা রামবেলী, পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রগুলোর পক্ষে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত জেরমো ভিনেনিয়ন, সার্ক দেশসমূহের পক্ষে শ্রীলংকার রাষ্ট্রদূত ড. পালিথা কহোনা  এবং যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রাষ্ট্রদূত জেফরি লরেন্টি বক্তব্য দেন।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে আধ ঘণ্টার এ সভার সমাপ্তি ঘটে।

এর আগে রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ জানার পরই জাতিসংঘ মহাসচিব ও চলতি সাধারণ অধিবেশনের সভাপতি ও মহাসচিব বিবৃতিতে শোক প্রকাশ করেন । এরপর বাংলাদেশ মিশনে খোলা শোক বইতে ২১ মার্চ স্বাক্ষর করেন মহাসচিব। পরদিন ২২ মার্চ সদর দপ্তরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত কার্যালয়ে জাতিসংঘের পতাকা অর্ধনমিত রাখা হয়।