ময়মনসিংহে ট্রেনে আগুনের ঘটনায় মামলা
ময়মনসিংহ রেলস্টেশনের ডকইয়ার্ডে ট্রেনের বগিতে আগুন দেয়ার ঘটনায় শহর জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ময়মনসিংহে ডকইয়ার্ডে পুড়ছে ট্রেনের বগি।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি আব্দুস সাত্তার জানান, বিশেষ ক্ষমতা আইনে নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরো আরো নয় জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
এজাহারভুক্ত আসামিরা হলেন- শহর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোজাম্মেল হক আকন্দ, শহর ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাজীব, আরিফুল হক ,আবু নাঈম খান, সজিবুর রহমান, রাসেল, পিয়াস, আরমান ও আব্দুল্লা-হেল মামুন।
মঙ্গলবার রাত ৮টার দিকে স্টেশনের ডকইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ এর একটি খালি বগিতে আগুন দেয়া হয়।
এ ঘটনায় রেলওয়ে ঢাকা বিভাগের ব্যবস্থাপক সরদার সাহাদাত হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার কারণে রেল পুলিশের হাবিলদার নবীন চন্দ্র বিশ্বাস ও আনাসার সদস্য সেলিম রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে ঢাকায় বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন সকালে জেলা বিএনপি কার্যালয়ের সমানে থেকে আলাদা আলাদা মিছিল বের করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
তবে পুলিশের বাধার মুখে মিছিল বেশিদূর এগোতে পারেনি।
এছাড়া শিবির কর্মীরা শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকায় মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা করে।
বেলা ১০টার দিকে শহরের স্টেশন রোডে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় জনতা এক পিকেটারকে ধরে পুলিশে সোপর্দ করে।
সকালে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও শহরে রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
আগের রাতে ট্রেনে আগুন দেয়া হলেও সকালে যথারীতি ট্রেন ছেড়ে গেছে বলে জানান ময়মনসিংহ স্টেশনের সুপার আবু তাহের।
