হরতালের শুরুতে ঝটিকা মিছিল, বিস্ফোরণ
বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতাল শুরু হয়েছে ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে।
বুধবার সকালে হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীর তেজগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী ও দক্ষিণ কমলাপুরে হাতবোমা ফাটিয়েছে পিকেটাররা।
নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। হাতবোমা ফাটিয়ে টায়ারে আগুন দিয়ে চেষ্টা হয়েছে সড়ক অবরোধের।
সিলেটে পুলিশ বহনকারী একটি হিউম্যান হলারে ঢিল ছুড়েছে শিবির কর্মীরা। সেখানেও বিক্ষিপ্ত বোমাবাজির খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে রাজধানীর খিলগাঁও, মিরপুর ১০ ও বাসাবোতে বিএনপি, খিলক্ষেতে স্বেচ্ছাসেবক দল, মিরপুরের কালসী এলাকায় ইসলামী ছাত্র শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয় মোহাম্মদপুর, গাবতলীতেও।
ধানমন্ডি থানার পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদ হোসেন জানান, ধানমন্ডি ও জিগাতলা মোড়ে হরতাল সমর্থকরা সকালে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
৮টার পর দক্ষিণ কমলাপুরে অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর উল্টো দিকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়্ বলে মতিঝিল পুলিশের পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান।
এছাড়া তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে যুবদলের মিছিল থেকে এবং যাত্রাবাড়ী ও মিরপুর ১০ এলাকাতেও ককটেল ফাটানো হয় বলে প্রতক্ষদর্শীরা জানান।
অন্যান্য হরতালের দিনের মতো বুধবারও সকাল থেকে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও আগের হরতালের তুলনায় কিছুটা বেশি।
সকালের প্রথমভাগে গাবতলি বাস টার্মিনাল থেকে দু’একটি রুটের বাস ছাড়ার খবর পাওয়া গেলেও মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
গত কিছুদিন ধরে হরতালে ট্রেন ও রেলওয়ে অবকাঠামো ধরে নাশকতা হওয়ায় রেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার খায়রুল বশির।
কমলাপুর স্টেশনের পাঁচটি ফটকের মধ্যে দুটি বন্ধ রাখা হয়েছে। অন্য ফটকগুলোতেও তল্লাশির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
হরতারের আগের দিন মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলায় দুই কনস্টেবল আহত হন। ময়মনসিংহে আগুনে পুড়িয়ে দেয়া হয় ট্রেনের বগি। বিভিন্ন জেলায় হাতবোমা ফটানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে গাড়ি ভঅংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
কেবল রাজধানীতেই মঙ্গলবার কমপক্ষে নয়টি গাড়িতে আগুন দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
হরতালে সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে রাজধানীর সড়কগুলোতে। বিভিন্ন অলিগলিতেও পুলিশের টহল দেখা গেছে। জলকামান ও এপিসি নিয়ে নয়া পল্টরে বিএনপি কার্যালয় এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোরে কার্যালয়ে প্রবেশ করলেও পরে আর সাংবাদিকদের সামনে আসেননি।
তবে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সকালে কার্যালয়ের প্রধান ফটকে এসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এবং দমন পীড়ন না করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহাবন জানান।
এই কার্যালয়ের সামনেই গত ১১ মার্চ বিকালে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর এক ঘণ্টার মাথায় বিএনপি কার্যালয় থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দশটি হাতবোমা।
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চও ৩৬ ঘণ্টা হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
এরপরও নেতাকর্মীরা মুক্তি না পাওয়ায় গত রোববার সংবাদ সম্মেলন করে বুধ-বৃহস্পতি এই হরতালের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
