ঢাবিতে হলের ভেতরে হাতবোমা বিস্ফোরণ
বিএনপির ডাকা হরতালের আগের দিন মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
রাত সাড়ে ৯টার দিকে সূর্যসেন হলে হাতবোমাগুলো বিস্ফোরিত হয় বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের ভেতরে আতঙ্ক ছড়াতে কেউ এ কাজ করতে পারে।”
সাম্প্রতিক সময়ে এর আগে ক্যাম্পাসে বিস্ফোরণ ঘটলেও কোনো হলের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা এটাই প্রথম।
হলের ভেতরে কারা এই ঘটনা ঘটিয়েছে- জানতে চাইলে প্রক্টর বলেন, “হলের ভিতরে বিভিন্ন দলের নেতাকমীরাও থাকে।”
তবে এই ঘটনায় হরতাল সমর্থকদের সন্দেহ করছেন প্রক্টর।
