২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি বাদ, অনুষ্ঠানে গেলেন মুক্তিযোদ্ধারা

গাজীপুরের কালিয়াকৈর থানার ‘দুর্নীতিগ্রস্ত’ ওসিকে বাদ দেয়ায় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 01:03 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান বলেন, ওসির বিরুদ্ধে সোমবার মুক্তিযোদ্ধারা একটি স্বারকলিপি দেন। তাতে মুক্তিযোদ্ধারা ২৬ মার্চ জাতীয় অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

এরপর ওসিকে অনুষ্ঠান থেকে প্রত্যাহার করে নেয়ার শর্তে তারা মঙ্গলবার অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডা. সাহাবুদ্দিন আহসান বলেন, “একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে পুলিশের ঘুষ নেয়ার প্রতিবাদস্বরূপ আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছিলাম।

“পরে তাকে অনুষ্ঠান থেকে প্রত্যাহার করায় এবং তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় আমরা অনুষ্ঠানে যোগদান করি।”

তিনি বলেন, উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের নাতনিকে গত বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণ করে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলায়েত হোসেন কালিয়াকৈর থানায় অপহরণ মামলা করতে গেলে ওসি মীর রকিবুল হক ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

পরে বেলায়েত হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসানের সুপারিশ নিয়ে ওসির কাছে যান। এরপর ১০ হাজার টাকা উৎকোচ নিয়ে ওসি মামলা নথিভুক্ত করেন।

বিষয়টি বেলায়েত হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলে জানান। এরপর সোমবার তারা একটি স্মারকলিপি দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান বরাবর।

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এলাকার কয়েকজন ব্যক্তি আমাকে দিয়ে তাদের কাজ হাসিল করতে না পারায় অপপ্রচার চালাচ্ছেন।”