২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহহৃত স্কুলছাত্রের গলাকাটা লাশ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা থেকে অপহরণের তিন দিন পর এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সোমবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের একটি চালকলে হৃদয় সরকার অন্তুর (১০) লাশ পাওয়া যায়।

অন্তু বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা নিতাইরঞ্জন সরকার স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

নিহতের পরিবারের বরাত দিয়ে অষ্টগ্রাম থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, শনিবার বিকালে খেলতে বের হয়ে অন্তু আর বাড়ি ফেরেনি।

পরদিন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে (নম্বর: ০১৭৮০০৮৫১৮৪) নিতাইরঞ্জনের সঙ্গে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কিন্তু পরবর্তীতে ওই নম্বর থেকে ফোন আসেনি। অন্তুর পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সোমবার সকালে আবার ফোন আসে। ফোনে টাকা সংগ্রহ করে রাখা এবং পুলিশকে না জানাতে বলা হয়।

ওসি আরো বলেন, এদিকে সন্দেহভাজন হিসেবে অন্তুদের প্রতিবেশী মধু সরকার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে মধুর বাড়ির পাশে তার চালকলের একটি ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে জানায়। পুলিশ এসে ঘরটি খুলে লাশ উদ্ধার করে।

নিতাইরঞ্জন বলেন, “মধুর সঙ্গে আমার নানা বিরোধ ছিল। সে খুনের সঙ্গে অবশ্যই জড়িত আছে।”