বিস্মরণে চবির আট শহীদ
একাত্তরের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৫ শহীদের মধ্যে আট জনই আজ বিস্মৃত।
দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীসহ ১৫ জন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ওই শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’সহ বিভিন্ন সড়কে আছে শুধু সাত শহীদের নাম।
স্বাধীনতার ৪২ বছর পরও শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অচেনা অপর আট শহীদ, যদিও বিশ্ববিদ্যালয় যাদুঘরে ১৫ শহীদের তালিকা সংরক্ষিত আছে।
‘স্মরণ’ যেসব শহীদের নাম উল্লেখ করা হয় তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চেইনম্যান বীর প্রতীক মোহাম্মদ হোসেন, চাকসু’র জিএস আবদুর রব, সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ইফতেখার উদ্দিন মাহমুদ, ইতিহাস বিভাগের ছাত্র ফরহাদ উদ-দৌলা, অর্থনীতি বিভাগের ছাত্র নাজিম উদ্দিন খান, উপ-সহকারী প্রকৌশলী প্রভাস কুমার বড়ুয়া এবং আলাওল হলের প্রহরী ছৈয়দ আহমদের নাম।
এছাড়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাতটি সড়কও তাদের নামে রাখা হয়েছে। আবদুর রবের নামে রয়েছে একটি ছাত্রবাসও।
বিশ্ববিদ্যালয় যাদুঘর থেকে পাওয়া তথ্যে জানা যায়, এই সাত জনসহ মোট ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হন।
আর বিস্মৃত আট শহীদ হলেন- দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক অবনী মোহন দত্ত, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল মনসুর, বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হোসেন, মোস্তফা কামাল ও মনিরুল ইসলাম খোকা, বাণিজ্য অনুষদের শিক্ষার্থী খন্দকার এহসানুল হক আনসারি, অর্থনীতি বিভাগের ছাত্র আবদুল মান্নান, ইংরেজী বিভাগের ছাত্র আশুতোষ চক্রবর্তী। তাদের নাম শুধু তালিকায়ই সীমাবদ্ধ।
২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. আবু ইউসুফ দায়িত্ব নেয়ার পর নির্মাণ করেন স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’। এছাড়া, শহীদদের নামে ক্যাম্পাসের বিভিন্ন সড়কের নামকরণ করা হয়।
এ বিষয়ে স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’ এর নকশাবিদ ও চবি চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সময়ও অপর শহীদদের নাম বাদ পড়ার প্রসঙ্গটি এসেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আট শহীদের নাম ও ছবি সে সময় সরবরাহ করতে পারেনি।”
তিনি আরো জানান, ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলেছিল, অপর শহীদদের নাম ও পূর্ণাঙ্গ বৃত্তান্ত পাওয়া গেলে তা যুক্ত করা হবে।
নতুন করে আট শহীদের নাম যুক্ত করতে তেমন কোনো সমস্যা হবে না বলেও জানান অধ্যাপক সৈয়দ সাইফুল কবির।
এ প্রসঙ্গে চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শহীদের নাম থাকার বিষয়টি আমাকেও ভাবাচ্ছে। ভাস্কর্যটি নির্মাণের সময় সব শহীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায় নি।
বাকি আট শহীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও ছবি সংগ্রহ করে স্মৃতিস্তম্ভ ‘স্মরণ’ এ যুক্ত করা হবে বলেও জানান উপাচার্য।
