শরীয়তপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপশী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
চান্দনী গ্রামের টিটু সরদারের ছেলে কাওসার আহম্মেদকে শনিবার বিকালে অজ্ঞাত পরিচয় কেউ ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
এরপর ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে কাওসারের মা জানিয়েছেন।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ লিমন নামে কাওসারের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মীর আবদুস সাত্তার বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে নড়িয়া থানা পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
কাওসারের মা মিরু বেগম নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও তিনি জানান।
মিরু বেগম বলেন, রোববার বিকালে অপহরণকারীরা তিনটি নম্বর থেকে (০৪২২৬১৮৭৮, ০৪২২৬১৭৫৪ এবং ৫৫৭৭৪) ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
টাকা না দিলে তাকে মেরে ফেলবে বলে কাওসারের মাকে হুমকি দেয় তারা।
