দুর্গতদের পাশে আছি, থাকব: প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডোদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সোমবার ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত উড়শিউড়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সেখানেই তিনি সমবেতদের মধ্যে কথা বলেন।
শুক্রবার বিকালে জেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানলে ওইদিনই ২০ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গত তিন দিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন।
চিনাইরে ত্রাণ বিতরণের পর ক্ষতিগ্রস্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের মনোবল যেন না ভাঙে। আমরা আপনাদের পাশে আছি, থাকব। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের সর্বোচ্চ ব্যাবস্থা আমরা করব।”
প্রধানমন্ত্রী বলেন, জনসভা করতে নয়, তিনি ব্রাহ্মণবাড়িয়া এসেছেন দুর্গতদের দুরবস্থা সচক্ষে দেখার জন্য। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার দুর্গতদের সেবায় নিয়োজিত। আমাদের দল মানবতার সেবায় নিয়োজিত।”
দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের ধন্যবাদও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, টর্নেডোতে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারিভাবে তাদের বইখাতার ব্যবস্থা করা হবে।
হেলিকপ্টারে করে বিকাল সোয়া ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহম্মদ স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান ক্ষতিগ্রস্ত উড়শিউড়া গ্রামে।
এরপর চিনাইরে ত্রাণ বিতরণ ও বক্তব্য দেয়ার পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
