সাগর-রুনি খুনের তদন্তে টালবাহানার অভিযোগ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্তে সরকার ‘টালবাহানা’ করছে বলে অভিযোগ করেছেন সাগরের মা সালেহা মনির।
‘প্রকৃত খনিদের’ গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “সে সময় সরকার বলেছিল খুনি সনাক্ত হবে ৪৮ ঘণ্টায়, আর এখন সরকার টালবাহানা করছে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “৪৮ ঘণ্টা আর কত লম্বা হবে।”
গত বছরের ১১ ফেব্রুয়ারি নিজের বাড়িতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
এ ঘটনা পরপরই তৎকালীর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দেন। ঘোষণার বাস্তবায়ন না হওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
সালেহা বলেন, “সাংবাদিকরা যে আন্দোলন করছে আমি সেই আন্দোলনের সাথে আছি। সাগর-রুনির খবর পত্রিকায় না পেলে আমি আশাহত হয়ে পড়ি।”
“আমার ছেলে কি অন্যায় করেছিল, যে আমার সাগরকে খুন করতে হয়েছে। এই গণতান্ত্রিক রাষ্ট্রে খুনের বিচার না হলে আমি মেঘের কাছে কি জবাব দেবো”, বাকরুদ্ধ হয়ে পড়েন সালেহা।
এক বছরের বেশি সময় পার হলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা এখনো করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ রয়েছে।
সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বলেন, “ডিআরইউ রাজপথে যে আন্দোলন করছে আমরণ তা চলবে।
হত্যাকাণ্ডের আট মাস পর গত বছরের ৯ অক্টোবর মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর তিন মাস পর ‘সনাক্ত’ আরেকজন বাড়ির পাহারাদার হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের যে কয়জনের ডিএনএ পরীক্ষা হয়েছে, তার নমুনার সঙ্গে সাংবাদিক দম্পতির বিাড়িতে পাওয়া নমুনার মিল পাওয়া যায়নি।
সাগর-রুনির বিচার না হওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘দুঃখজনক’ উল্লেখ করে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোস্যাল এফেয়ার্স এডিটর বেবী মওদুদ বলেন, “হত্যাকাণ্ড যে কারণেই হোক; পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বা পেশাভিত্তিক- এ হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত।”
যশোরে সাংবাদিক শামসুর রহমানকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “মেধাবী সাংবাদিকরা জঙ্গীদের হাতে খুন হয়।”
অনুষ্ঠানে বক্তব্য দেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশসনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক সালেহ আখন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাংবাদিক সংগঠনগুলোর পূর্ব ঘোষিত মহাসমাবেশের ব্যাহত হওয়ায় ওই কিছু সাংবাদিক নেতার সমালোচনা করেন।
এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এর আগে সাংবাদিকদের চারটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে আসলেও এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এককভাবে এ সমাবেশ করে।
গত বছর ফেব্রুয়ারিতে সাগর-রুনি খুন হওয়ার পর থেকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাংবাদিকদের চার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)ও জাতীয় প্রেস ক্লাব ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করে আসছিল।
হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ২৯ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী।
