সাগর-রুনি খুন: ছুরি-কাপড়ে অজ্ঞাত দুই ব্যক্তির ছাপ
ডিএনএ পরীক্ষায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়িতে দুই ব্যক্তির উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে তারা কারা, তা এখনো অজানা।
হত্যাকাণ্ডস্থল রাজাবাজারে সাংবাদিক দম্পতির বাড়িতে পাওয়া বিভিন্ন আলামতের পরীক্ষার পর এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বুধবার সাংবাদিকদের বলেছেন, আলামতের ডিএনএ পরীক্ষায় দুজনের নমুনা পাওয়া গেছে, যা অন্য কারো সঙ্গে মিলছে না।
এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার সন্দেহভাজন আটজনসহ ১৮ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায় তদন্ত সংস্থা র্যাব।
পাশাপাশি হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার বিভিন্ন জিনিসও পাঠানো হয়, যাতে এর মধ্যে কারো ডিএনএ সনাক্ত করা যায় কি না।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুনির পরিদেহ কাপড়ে একজনের এবং হত্যার কাজে ব্যবহৃত ছুরিতে অন্য একজনের নমুনা পাওয়া গেছে।
তিনি বলেন, “আমরা যে সব ডিএনএর নমুনা পাঠিয়েছি এবং যেগুলোর প্রতিবেদন পাওয়া গেছে, তার সঙ্গে এই দুটি নমুনা মিলছে না।”
এই দুই ব্যক্তি কারা, তা খুঁজে বের করতে যা যা করার, তা র্যাব করছে বলে জিয়াউল আহসান জানান।
পুলিশের কাছ থেকে গত বছরের এপ্রিলে র্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে পাঠানো সন্দেহভাজনদের ডিএনএ নমুনার মধ্যে অধিকাংশের প্রতিবেদন পাওয়া গেছে।
ঘটনার আট মাস পর গত বছরের ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাগর-রুনি হত্যার বছর পূর্তিতেও তদন্ত শেষ না হওয়ায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী কর্মসূচিতে সাংবাদিকরা।
গ্রেপ্তার অন্য সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।
এই সাংবাদিক দম্পতি কী কারণে খুন হয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এই হত্যারহস্য উদ্ঘাটনের জন্য সাংবাদিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে আসছে।
