স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অফ দ্য রেকর্ড’ বক্তব্য নিয়ে হৈ চৈ
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড নিয়ে ‘অফ দ্য রেকর্ড’ কথার জন্য সাংবাদিক নেতাদের তোপের মুখে পড়তে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই ঘটনা ঘটে।
পরিষদের নেতাদের মধ্যে সাংবাদিক নেতারাও ছিলেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রতিবাদ জানালে ব্যাপক হট্টগোল হয়, তর্কাতর্কিও চলতে থাকে।
তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উত্তেজিত সাংবাদিক নেতাদের বলেন, “প্লিজ ফরগিভ অ্যান্ড ফরগেট.. উনি (মন্ত্রী) স্বাভাবিকভাবেই ঘটনাটি বলেছেন, কিছু ভেতরে রাখেননি। কৌশলী হলে এটা বলতেন না।”
মন্ত্রী এরপর তার বক্তব্য প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।
পেশাজীবী সমন্বয় পরিষদ সাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে নয় দফা দাবি জানান। এসব দাবির বিষয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা যুক্তি তুলে ধরে বক্তব্য দেন।
এর পর বক্তব্য দেন প্রতিমন্ত্রী টুকু। তার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে কথা বলেন এবং হালনাগাদ তথ্য জানান।
এক পর্যায়ে মন্ত্রী প্রকাশ বা প্রচার করতে মানা করেই সাংবাদিক দম্পতি এবং হত্যাকাণ্ড তদন্তে তাদের পরিবারের ‘অসহযোগিতা’ নিয়ে কিছু কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য শেষ হতেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আমরা আপনার ঘোষণার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি বিচার (সাগর-রুনি) করেননি। আপনি খুনি ধরেননি। আপনি খুনের মোটিভ সনাক্ত করেননি।
“আপনি আমাদের সহকর্মীদের চরিত্র হননের যে বিষয়টি বলেছেন আমি সব সাংবাদিকের পক্ষ থেকে তার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং তা প্রত্যাহারের জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। নইলে আপনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিতে বাধ্য হব।”
এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি কারো চরিত্র হনন করিনি।”
কিন্তু বক্তব্য শেষ হওয়ার আগেই সাংবাদিক নেতারা প্রতিবাদ জানাতে থাকেন।
এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবারো কথা বলার চেষ্টা করেন। বৈঠকে থাকা সবাই তখন উঠে দাঁড়ান।
এই সময় চরম হট্টগোলের সৃষ্টি হয় সভাকক্ষে। কক্ষের বাইরে থাকা বেশ কয়েক জন পুলিশ সদস্যও ভেতরে হৈ চৈ শুনে দরজা খুলে উঁকিঝুকি দিতে শুরু করেন। মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা অবস্থান নেন মন্ত্রীর পাশে।
মন্ত্রী তখন বলতে থাকেন, “আপনারা যে দাবি করেছেন...”। সাংবাদিক নেতারা থামিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।
সাংবাদিকরা আরো উত্তেজিত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার কথাটি শোনেন ভাই, কথা শোনেন। শুনতে চেয়েছিলেন তাই বলেছি। আপনার (ইকবাল সোবহান) দাবি অনুযায়ী আমি বক্তব্য প্রত্যাহার করলাম।”
মহীউদ্দীন আলমগীর এরপর বলেন, “আমি কিন্তু সবাইকে অনুরোধ করেছিলাম, আপনারা এগুলো প্রকাশ করবেন না।
“আপনারা মনে রাখবেন প্রতিটি মানুষের মানবিক অধিকার রক্ষা করার জন্যে, সম্মান রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর। সেজন্য আমি কথা বলেছি।”
এরপরও সাংবাদিকরা প্রতিবাদ জানাতে থাকলে উঠে দাঁড়ান প্রতিমন্ত্রী।
ইকবাল সোবহান কথা বলতে থাকলে এক পর্যায়ে মন্ত্রী উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, “আমি আর সোবহান কিন্তু একই সঙ্গে পড়াশোনা করেছি।”
প্রতিমন্ত্রী টুকুও বলেন, “ইকবাল ভাই প্লিজ...ফরগিভ অ্যান্ড ফরগেট।”
এই পর্যায়ে সাংবাদিক নেতা ইকবাল সোবহান বাইরে যেতে চান। মন্ত্রী তাকে নিয়ে তার দপ্তরে যেতে চাইলে ইকবাল সোবহান মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান। পরে কয়েকজন সাংবাদিককে নিয়ে নিজের কার্যালয়ে যান মন্ত্রী।
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিন ও মহাসচিব কামরুল হাসান খানের নেতৃত্বে নেতারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
সাংবাদিক নেতাদের মধ্যে ইকবাল সোবহান ছাড়াও ছিলেন বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ডিইউজের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বৈঠকের শুরুতেই বক্তব্য দিয়ে চলে যান।
