ইবনে সিনার বিরুদ্ধে প্রতারণার মামলা
প্রতারণার অভিযোগে ইবনে সিনা ডায়গনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর কলাবাগানের বাসিন্দা আকিল-উজ-জামান নামে এক ব্যক্তি সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।
মহানগর হাকিম তানভীর আহমেদ অভিযোগ গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ধানমণ্ডি থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মামলায় ইবনে সিনা ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও পরিচালক প্রশাসন, ইবনে সিনা ট্রাস্টের সচিব, প্রধান হিসাবরক্ষক ও বিজ্ঞাপণ ও বিপণন বিভাগের প্রধানকে আসামি করা হয়েছে।
আর্জিতে বাদি বলেন, গত ১৬ মার্চ দিগন্ত টেলিভিশনে ‘সব ধরনের চিকিৎসা সেবা ২৫ শতাংশ কম খরচে ‘ইবনে সিনা’র এ বিজ্ঞাপনটি দেখেন।
বিজ্ঞাপন দেখে দুই দিন পর ধানমন্ডির ৯/এ সড়কের ৪৮ নম্বর বাড়িতে অবস্থিত ইবনে সিনা ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারে যান আকিল-উজ-জামান।
সেখানে তিনি রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার জন্য ১৪০ টাকা ফি জমা দেন। ওই ফি’র রশিদে এ পরীক্ষার মূল্য ১৮৬ টাকা দেখিয়ে হ্রাসকৃত মূল্য হিসেবে ১৪০ রাখা হয় বাদির কাছ থেকে।
আর্জিতে বলা হয়, বাদি তখন এত বেশি ফি নেয়ার কারণ জানতে চাইলে তার সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়।
আকিল বলেছেন, এই পরীক্ষার মূল্য বিভাগীয় শহরে ৫০ টাকা, এমনকি রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও প্যাথলজি সেন্টারে ৫০ টাকা এবং জেলা হাসপালে ৩০ টাকা করে নেয়া হয়।
“২৫ শতাংশ কম খরচে চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে আসামিদের প্রতিষ্ঠান ২ থেকে ৩ গুণ বেশি অর্থ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, আমি নিজেও প্রতারিত,” বলা হয় মামলায়।
এ মামলায় চারজনকে সাক্ষী করেছেন আকিল-উজ-জামান।
