সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধের ডাক ঢাবিতে
ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অপারাজেয় বাংলার পাদদেশে এক সংহতি সমাবেশে তারা এ আহ্বান জানান।
সম্প্রতি সারাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এই সমাবেশর আয়োজন করে।
তারা বলছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এ মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে।
সমাবেশের বিভিন্ন পর্বে শিক্ষকদের পাশাপাশি দেশের নানা প্রান্তে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ও প্রতিরোধীকারীরা বক্তব্য দেন। শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহও একটি পর্বে সমাবেশে অংশ নেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক অজয় রায় বলেন, “সাম্প্রদায়িক হামলার সঙ্গে কারা জড়িত, কারা তাদের পরিচর্যা করছে সেটা সম্পর্কে আমরা অজ্ঞ নই। পরিচর্যা পেয়ে সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তুলে আক্রমণ করেছে।”
এই সমাবেশের ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ টিএসসিতে সুধী সমাবেশ হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক সাম্প্রায়িক হামলা কারণ খুঁজতে গিযে অধ্যাপক অজয় বলেন, “অনেকে বলে থাকেন হিন্দুদের বাড়ি-ঘর দখল করার জন্য হামলা হয়। সব সময় কিন্তু তা নয়। কারণ এর একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর তা হলো হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা চালালে তারা এদেশ ছেড়ে চলে যাবে এবং বাংলাদেশ হবে পাকিস্তান আদলের সাম্প্রদায়িক রাষ্ট্র।”
“এ সমাবেশের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশ তাদের দেশ, জনগণ তাদের সঙ্গে আছে এবং তারা এদেশেই থাকবেন। কেউ তাদের নিশ্চিহ্ন করতে পারবে না”।
জামায়াত-শিবিরকে শুধু প্রতিরোধ ও নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করার দাবি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সা’দ উদ্দীন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল। আমরা তখন অস্ত্রহাতে মুক্তিযুদ্ধ করেছিলাম। তারা এখন যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে এই ৭৭ বছর বয়সেও প্রয়োজনে অস্ত্র কাঁধে নেব।”
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “রাষ্ট্রযন্ত্র সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”
ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ বজায় রেখে সাম্প্রদায়িক হামলা বন্ধ করা সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন এই শিক্ষাবিদ।
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সঞ্চালনায় সমাবেশের প্রথম পর্বে বিভিন্ন এলাকায় আক্রান্ত ও প্রতিরোধকারীদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের সাতকানিয়ার কাজী নূর মোহাম্মদ, বগুড়ার ধুনটের মেয়র এজিএম বাদশা, নোয়াখালীর রাজগঞ্জের মোজাম্মেল হোসেন, সাতক্ষীরায় নিহত ছাত্রলীগ নেতা মামুনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তিন্নি, গাইবান্ধার কলেজ শিক্ষক সুনীল কুমার বর্মন, সাতক্ষীরার মোস্তফা লুৎফুল্লাহ, লক্ষীপুরের রামগঞ্জের বিমল কান্তি দাস ও গাইবান্ধার হাফিজা বেগম কাকলী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানও সমাবেশে বক্তব্য দেন।
সাতক্ষীরার মোস্তফা লুৎফুল্লাহ বলেন, জামায়াত-শিবির কর্মীরা হিন্দু ঘরবাড়িতে হামলা চালানোর পর ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধের চেষ্টা করে এলাকাবাসী।
নোয়াখালীর মোজাম্মেল হোসেন জানান, রাজগঞ্জে যখন হামলা হয় তখন তারা মাত্র দু’জন এগিয়ে গিয়েছিলেন। পরে আরো অনেকেই এগিয়ে এলে জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।
