গাজীপুরে অপহৃত উদ্ধারে পুলিশের অভিযান, আহত ২
গাজীপুর সদর উপজেলায় অপহৃত এক যুবককে উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে অপহরণকারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় আহত হয়েছে দুই জন।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে উপজেলার দেশিপাড়া এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ অপহরণকারী ইমরান হোসেনকে ২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপহরণকারীদের ধারাল অস্ত্রের আঘাতে আহত অপহৃত আব্দুল গফুরকে (২৮) গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গফুরের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায়।
গফুরের বরাত দিয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাইলসের কারখানায় কাজ দেয়ার কথা বলে রোববার সন্ধ্যায় গফুরকে গাজীপুরের আনা হয়।”
“এরপর তাকে একটি ধানের চাতালে আটকে রেখে মারধর করে হাতের একটি আঙ্গুল কেটে ফেলে তার মার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।”
খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ওই চাতালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকরীরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায় বলে জানান এসআই ইকবাল।
ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
