২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যোদয়ের আগে সেই কালরাত

দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানিদের নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল সেই রাতের কথা সোমবার স্মরণ করছে জাতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 06:58 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

১৯৭১ সালে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বাঙালি নেতৃত্বের সঙ্গে ১৬ মার্চ থেকে আলোচনার নামে নাটক করে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এরপর ২৫ তারিখ সন্ধ্যায় হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়ে গোপনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিমানে ওঠেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।

ওই রাতে পাকিস্তানী হানাদার বাহিনী পরিকল্পিতভাবে পূর্ণ সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ বাঙালির ওপর। দেশব্যাপী শুরু হয় পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ‘অপারেশন সার্চলাইট’।

এই অভিযানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে বাঙালি হত্যার নীলনকশা বাস্তবায়নের পথ বেছে নেন ইয়াহিয়া।

পূর্ব পাকিস্তানের শোষিত-নিপীড়িত বাঙালির স্বাধীনতার দাবিকে স্তব্ধ করে দিতে রাতের অন্ধকারে হত্যা করা হয় কয়েক হাজার নিরস্ত্র মানুষকে। মধ্যযুগীয় কায়দায় হানাদাররা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকা শহরে চালায় ধ্বংসযজ্ঞ।

ওই রাতেই গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বন্দি হওয়ার আগে দেশকে শক্রমুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়তে দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। পরে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে।

অনেকেই বঙ্গবন্ধুকে বাড়ি ছেড়ে যেতে বললেও তিনি যাননি। বঙ্গবন্ধু বলেছিলেন, “আমাকে না পেলে ওরা ঢাকা জ্বালিয়ে দেবে।”

তার দেখানো পথ ধরেই ওই কালরাতে পর শুরু হয় বাঙালির স্বাধীনতা যুদ্ধ। ৯ মাস সশস্ত্র লড়াইয়ের পর মুক্ত বাংলাদেশে উদিত হয় স্বাধীনতার সূর্য।

সেই কালরাতের স্মরণে সোমবার নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।

কালরাত স্মরণে মঙ্গলবার রাতে আলোর মিছিল নিয়ে রাস্তায় নামবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শেষ হবে এ মিছিল।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবে।

রাজারবাগ পুলিশ লাইনে হবে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা।

নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে সেক্টর কমান্ডারস ফোরাম রাত ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলোর পাশের স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এবং তাদের কলেজ কোডা ও স্কুল সোডা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পথচিত্র অঙ্কন করবে।

এছাড়া মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও গণসংগীতের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।