২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে স্মরণ ১০৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

দেশের ১০৪টি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে স্মরণ করা হলো সদ্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিশ্বদ্যালয়গুলোর আচার্য মো. জিল্লুর রহমানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:47 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এক শোক সভা হয়।

সভায় বক্তারা জিল্লুর রহমানের আদর্শ বুকে লালন করে সামনে এগিয়ে চলার আহ্বান জানান।

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রয়াত জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি আমাদের কাছে এক আদর্শের নাম।

“তিনি একই সঙ্গে একজন সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক ও মানবাতাবাদী মহান পুরুষ। আমাদের সকলের উচিত তার জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া।”

সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক সঙ্গে মিলিও হওয়ার ঘটনা এটাই প্রথম বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জিল্লুর রহমান মানুষ হিসেবে ও রাষ্ট্রপতি হিসেবে যে গ্রহণযোগ্য ছিলেন, তা তার প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আমরা রাষ্ট্রপতি হারিয়েছি, রাষ্ট্রপতি আসবে সে বিধান সংবিধানে রয়েছে। কিন্তু জিল্লুর রহমানকে হারিয়ে যে শূন্য স্থান সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয় “

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)উপাচার্য অধ্যাপক এম এম নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য মো. ফরাস উদ্দিন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী শোকসভায় বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়গুলোর উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও শিক্ষকরাও এই শোকসভায় ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোকসভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদিন জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রাখা হয়।