না’গঞ্জে চেক ডিজ-অনার মামলায় আইনজীবী দণ্ডিত
ব্যাংকে চেক ডিজ-অনার মামলায় নারায়ণগঞ্জে এক আইনজীবীর এক বছর কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়।
রোববার নারায়ণগঞ্জের জেলা যুগ্ম দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ সাজা দেন।
দণ্ডিত ব্যারিস্টার পারভেজ আহম্মেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এছাড়া তিনি বিএনপির বিলুপ্ত জেলা কমিটির নেতা ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, সদর উপজেলার হাজী সামছুদ্দিন মিয়াকে গত বছর ১৫ লাখ টাকার একটি চেক দেন ব্যারিস্টার পারভেজ।
কিন্তু ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা উত্তোলন করতে না পারায় মামলা করেন সামছুদ্দিন।
রায় ঘোষণার দিন থেকে ৬০ দিনের মধ্যে জরিমানার ৩০ লাখ টাকা দাখিলের জন্য আসামিকে নির্দেশ দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় পারভেজ আহম্মেদ আদালতে উপস্থিত ছিলেন না।
