২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ফের পেছালো

চট্টগ্রামে জামায়াতে ইসলামী হরতালের ডাক দেয়ায় সেখানকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আবারো পেছানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এ নিয়ে চতুর্থবারের মতো পেছালো চট্টগ্রামের ব্যবসায়ীদের নতুন নেতা নির্বাচন।

সোমবার নির্বাচন হওয়ার কথা থাকলেও আগের দিন চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে বলা হয়, আগামী ২৭ মার্চ এ নির্বাচন হবে।

চেম্বারের সচিব ওসমান গণি স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য  কারণে  নির্বাচন পেছানো হয়েছে। 

তবে ২৫ মার্চ হরতাল আহ্বান না করার জন্য চেম্বারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর কমিটির নায়েবে আমীর শাহজাহান চৌধুরীর ভাগ্নে ও ছাত্রশিবির কর্মী মাঈনুদ্দীন হাসান মুন্নার মৃত্যুতে সোমবার বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক দিয়েছে দলটি।

গত শনিবার গ্রেপ্তার এড়াতে ছয় তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় তার।

এর আগে গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে আইনি জটিলতায় তিন দফা পেছানো হয় এ নির্বাচন।