২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খননের নামে কর্ণফুলী ভরাটের অভিযোগ মহিউদ্দিনের

কর্ণফুলী নদী খননের নামে ভরাটের অভিযোগ তুলে আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলেও জানান তিনি।

রোববার বিকালে তৃতীয় কর্ণফুলী সেতুর উত্তর পাশে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে উন্নয়নের নামে বন্দর ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের নকশায় মূল তীর সীমানা বিএস এবং আরএস দাগ অনুযায়ী যা ছিল তার চেয়ে ২০০ থেকে ২৫০ মিটার সরিয়ে নেয়া হয়েছে।

“এর ফলে তৃতীয় কর্ণফুলী নদী থেকে সদরঘাট এলাকা পর্যন্ত নদী ছোট হয়ে গেছে এবং গতিপথ পরিবর্তন হয়ে একদিকে নদীতে পলি জমে অন্য প্রান্তে ভাঙ্গন দেখা দিয়েছে।”

শাহ আমানত সেতু নির্মাণের সময় ঝুলন্ত সেতু নির্মাণে নিজের প্রস্তাবের কথা উল্লেখ করে মহিউদ্দিন বলেন, কিন্তু তা না করে কর্ণফুলী নদীতে পিলার সেতু করা হয়েছে। এতে করে ছয়টি পিলারের জন্য মোট ২৪টি খুঁটি করা হয়েছে, যার কারণে নদীতে পলি জমছে।

ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে কর্ণফুলী নদী ভরাট করা হচ্ছে এবং ৮০০ মিটার ভরাট করা হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই মেয়র।

ক্যাপিটাল ড্রেজিংয়ের ফলে খালের মুখগুলো ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে, এতে করে বর্ষায় নগরীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরে বর্তমানে নয় মিটারের বড় জাহাজ প্রবেশ করতে পারে না উল্লেখ করে মহিউদ্দিন বলেন, খননকাজ দেখে মনে হচ্ছে, যাতে এই নয় মিটার জাহাজও বন্দরে ঢুকতে না পারে তার জন্য চক্রান্ত করা হচ্ছে। 

তিনি বলেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের মূল উদ্দেশ্য ছিল কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা থেকে কর্ণফুলী দ্বিতীয় সেতু পর্যন্ত সৃষ্ট চরের পলি অপসারণ করে নদীকে তার পূর্বের অব্স্থায় ফিরিয়ে নেয়া এবং আরএস দাগ ও বিএস দাগ অনুযায়ী মূল বেঙ্ক (তীর) লাইন ফিরিয়ে এনে চার মিটার গভীরতা সৃষ্টি করা।

সাবেক মেয়র বলেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়াসহ বিভিন্ন আন্দোলনে আমি চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি, এবারও প্রয়োজনে আন্দোলনে নামব।

২০১১ সালের ৫ জুলাই ২২৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রকল্পটির নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান মালয়শিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন। এই প্রকল্পে নদীর সদরঘাট থেকে উজানে দুই দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৬ লাখ ঘনমিটার মাটি-বালি অপসারণ করা হবে।

পাশাপাশি দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ তীর নিরাপত্তা (ব্যাংক প্রটেকশন) কাজ ও চারশ মিটার দীর্ঘ জেটি নির্মাণের কাজও চলছে।