২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমায় আহত ড্যাব সদস্য আশঙ্কামুক্ত

রাজধানীর হাতিরঝিল এলাকায় চলন্ত গাড়িতে নিক্ষিপ্ত পেট্রোল বোমায় দগ্ধ চিকিৎসক রাকিবুল ইসলাম ডিউক আশঙ্কামু্ক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

বিএনপি সমর্থক এই চিকিৎসকের চিকিৎসার জন্য গঠিত নয় সদস্যের কমিটির প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাকিবুল এখন আশঙ্কামুক্ত।

দুই সপ্তাহের মধ্যে রাকিবুল সম্পূর্ণ সেরে উঠবেন বলে তিনি জানান।

রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে শনিবার রাতে পান্থপথের শমরিতা হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানান্তরের কারণ জানতে চাইলে অধ্যাপক আজাদ বলেন, “এখানে চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটছিল না। স্বজনরা নিজেদের ‘কমফোর্টের’ জন্য ওই হাসপাতালে নিয়েছে।”

রাকিবুলের সঙ্গে আহত চিকিৎসক রায়হানও জানান, তার বন্ধু আগের তুলনায় অনেকটাই ভালো।

শমরিতায় নেয়ার বিষয়ে তিনি বলেন, “বার্ন ইউনিটে স্বজনদের তার (রাকিবুল) সঙ্গে থাকতে অসুবিধা হচ্ছিল।”

১৮ দলের হরতালের আগের দিন গত ১৭ মার্চ রোববার রাতে হাতিরঝিল এলাকায় বোমা হামলার শিকার হন রাকিবুল এবং তার দুই চিকিৎসক বন্ধু। তারা একটি প্রাইভেট কারে ছিলেন।

বোমা বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে গেলে রাকিবুলের দেহের অনেক অংশ দগ্ধ হয়। আহত হয় বন্ধু ওমর ফারুক বাবু ও মো. রায়হান শরীফ।

কুমিল্লা মেডিকেল কলেজে প্রভাষক পদে কর্মরত চিকিৎসক রাকিবুল রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদলে যুক্ত ছিলেন। পেশায় যোগ দেয়ার পর জড়িত হন বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবে।

রাকিবুলের ওপর হামলার ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।

রাকিবুলের স্ত্রী একজন চিকিৎসক। তাদের একটি মেয়ে রয়েছে।