চাঁদা নিতে এসে ধরা
মাগুরা শহরে চাঁদার টাকা নিতে আসা তিন যুবককে ধরে পুলিশে দিয়েছেন ব্যবসায়ীরা।
রোববার সকালে ঢাকারোড কাঁচা বাজারের ব্যবসায়ী মো. রুহুল আমিনের আড়তে ওই যুবকরা চাঁদা নিতে এসেছিল বলে ব্যবসায়ীরা জানান।
আটকরা হলেন শহরের ভায়না এলাকার সাগর চোপদার (২১), ভিটাসাইরের আকাশ মিয়া (২০) ও পারলা এলাকার শাহীন (২২)।
মো. রুহুল আমিন সাংবাদিকদের বলেন, শনিবার বিকালে ওই ৫-৬ যুবক তার আড়তে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং রোববার সকালের মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধের কথা বলে।
এরপর বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের জানানো হয়।
সকাল ১১টার দিকে যুবকরা আড়তে টাকা নিতে এলে আগে থেকে তৈরি থাকা লোকজন তিন জনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
