২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবনের দুঃখ, কষ্ট, শূন্যতা থেকেই শক্তি পাই’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেবী মওদুদ, সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 06:36 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বেবী মওদুদ: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি কবে থেকে দেখছেন?

জিল্লুর রহমান: ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের পর বেগম মুজিব তিন সন্তান শেখ হাসিনা, শেখ কামাল ও শেখ জামালকে সঙ্গে করে টুঙ্গীপাড়া থেকে ঢাকায় আসার পর। শেখ হাসিনা তখন স্কুলে নিচের ক্লাসে পড়তেন। পরে তাকে চোখের সামনে বড় হতে দেখেছি। আমার বিয়ের পর আইভী রহমানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা সব সময় ছিল, এখন আমার সন্তানদের সঙ্গে আছে।

বেবী মওদুদ: আপনি দু’বার শেখ হাসিনার নেত্রীত্বে কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর সঙ্গে দীর্ঘদিন দলের কাজ করেছেন,  আপনার সমস্যা হয়নি?

জিল্লুর রহমান: সমস্যা হবে কেন? তিনি তো আমার নেত্রী হয়েছেন। রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। রাজনীতির মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন সম্পূর্ণ রাজনীতিমনস্ক ব্যক্তি তিনি। পিতার আদর্শ, সাহস ও দেশপ্রেমের তিনি যোগ্য উত্তরসুরী। পঁচাত্তর পরবর্তী রাজনীতিটা তিনি খুব ভালোভাবে বুঝেছেন বলেই বারবার বাধাগ্রস্ত হলেও বর্তমানে আবার প্রধানমন্ত্রী হয়েছেন। দু’বারই তিনি দলকে সঠিকভাবে পরিচালনা করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এনেছেন। মানুষ তার প্রতি আস্থা রেখেছে। তিনি দেশ ও জনগণের কল্যাণে যে সকল পদক্ষেপ নিয়েছেন, সেগুলো তো সাফল্য এনেছে। জনগণ উপকৃত হয়েছে। দলকে তিনি অনেক সংগঠিত করেছেন, কাজকর্মে অনেক শৃঙ্খলা এনেছেন। সারাদেশ থেকে অনেক নতুন ও তরুণ নেতা তৈরি করেছেন, যাদের অনেকেই সংসদ সদস্য হয়েছেন এবার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যে পরিশ্রম করেন, তার মধ্যেও দলের প্রতি তার নজর থাকে। আশি ও নব্বইয়ের দশকে তিনি সারা দেশ ঘুরে মানুষকে কাছে টেনেছেন। ২০০১ সালের পরও তিনি দলকে সঠিক পথে এগিয়ে নিয়েছেন। তার ওপর বারবার আঘাত এসেছে, তিনি কিন্তু কখনও বিচলিত হননি। সর্বশেষ ২০০৪ সালের গ্রেনেড হামলার কথা একবার মনে করুন। কী ভয়াবহ নৃশংসতা ছিল তাদের। শেখ হাসিনা ছিলেন প্রধান টার্গেট। সেই সঙ্গে যারা মরে মরুক- এই তো ছিল উদ্দেশ্য। দেশের একটা প্রধান ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নেতৃত্বশূন্য করার এই নিষ্ঠুর পরিকল্পনা কি করে কেউ নিতে পারে? এটা হলো প্রতিহিংসার রাজনীতি।

বেবী মওদুদ: শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর কোন গুণগুলো আপনি লক্ষ্য করেছেন?

জিল্লুর রহমান: বঙ্গবন্ধু ছিলেন উদার ও সরল মনের মানুষ, আবার প্রয়োজনে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতেন। যেকোন পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকি নিতে পারতেন, আমাদের সঙ্গে পরামর্শ করতেন। শেখ হাসিনার মধ্যে পিতার এই গুণটি সম্পূর্ণভাবে আছে। তিনি দায়িত্ব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং সফলও হয়েছেন। শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, শেখ হাসিনা সংস্কৃতিবান, শুদ্ধতম আদর্শ বাঙালি।

বেবী মওদুদ: আপনি সেই ১৯৪৬ সালে কলেজের ছাত্র থাকাকালে রাজনীতিতে এসেছেন। প্রথমে ছাত্র রাজনীতি তারপর জাতীয় রাজনীতিতে নেতৃত্ব অবস্থায় থেকে দেশের রাজনীতিকে গভীরভাবে দেখেছেন। আপনার কোনও পর্যবেক্ষণ আছে কি?

জিল্লুর রহমান: আমার বয়স তো এখন আশির ওপর। সেই সতেরো বছর বয়সে ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামের তারা বিদায় নিয়েছে। স্বাধীনতার সেই আস্বাদ তো ছিল। কিন্তু পাকিস্তানের শাসকদের বিমাতাসুলভ আচরণ এবং বাঙালি দমনের ষড়যন্ত্র, আর তার সঙ্গে ক্ষমতালোভী বাঙালি রাজনীতিবিদদের আচরণ আমাদের শুধু স্তম্ভিত করেনি, আমাদের রাজনীতি করতে বাধ্য করেছে। কলকাতা থেকে ফিরে বঙ্গবন্ধুই রাজনীতিতে নতুন ধারা আনলেন। আমার মনে হয় তিনি উপলব্ধি করেছিলেন যে, মুসলিম লীগের সঙ্গে আর থাকা যাবে না। তাই নতুন করে দল গঠন ও দলের উদ্দেশ্য প্রস্তুত করেন। প্রথমে ছাত্রলীগ গঠন করলেন, তারপর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন। এর মধ্য দিয়ে তরুণ, মেধাবী, প্রগতিশীল ও আত্মত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করলেন যাতে মুসলিম লীগের বিরোধী একটি শক্তি হয়ে ওঠে। এই শক্তিকে দিয়েই তিনি তাদের মনে আতংক সৃষ্টি করতে চেয়েছিলেন। রাজনীতিবিদদের মধ্যে তারাও বিভেদ সৃষ্টি করেছিল। মওলানা ভাসানী চলে গেলেন, অনেক সুবিধাভোগী ও ক্ষমতালোভী মুখ দেখা গেলো যারা পাকিস্তানী শাসকবর্গকে প্রভু মনে করতো। কিন্তু বঙ্গবন্ধু যখন ছয় দফা ঘোষণা করে বললেন- এটা বাঙালির বাঁচার এবং বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতি- তখন তারা হতভম্ব হয়, ভীত হয় যে, এরপর চামড়া বাঁচাবে কীভাবে? আইয়ুবের নির্দেশ মত তারাও জোট করেছে, ছয় দফাকে পাকিস্তান ভাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলেছে- এমনকি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েও রক্ষা পায়নি। সেই তো মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু যে প্রকৃতপক্ষে বাঙালির স্বার্থরক্ষা করতে ছয়দফা দিয়েছিলেন, এটা তো মানুষ বুঝতে পেরে তার পেছনে এসে দাঁড়িয়েছিল। তাঁর ডাকে মুক্তিযুদ্ধ করেছিল।

জনগণকে বাদ দিয়ে কোন বিপ্লব বা আন্দোলন সফল হতে পারে না। বর্তমানে দেশে রাজনীতির পরিবেশ তা নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যাদের আশ্রয়-প্রশ্রয়ে আছে, তারা জনগণের কাছেই ফিরতে হবে। এখন যারা রাজনীতি করছেন, তাদের পুরোনো ধ্যান-ধারণা নিয়ে থাকলেও চলবে না। বিশ্বকে জানতে হবে। দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। জনগণের ভোটই হচ্ছে আসল কথা। সেটা পেতে হলে তাদের জন্য কাজ করতে হবে, তাদের পাশে থাকতে হবে। একবার দু’বার ভোলাতে পারেন অর্থ ও অপপ্রচার চালিয়ে, কিন্তু বারবার নয়।

বেবী মওদুদ: আপনি তো বঙ্গবন্ধুর সময়ও জনগণ দেখেছেন, এখনও দেখছেন। অর্থাৎ মুড বলতে কিছু দেখেছেন?

জিল্লুর রহমান: তখন তো অন্যরকম অবস্থা ছিল। বঙ্গবন্ধুর বক্তৃতা শোনার জন্য আগ্রহ ছিল, বঙ্গবন্ধুকে দেখার জন্য আগ্রহ ছিল। সেটা বঙ্গবন্ধুর শেষ জনসভা পর্যন্ত অটুট ছিল। তিনিও জনগণের পালস চিনতেন। তাদের চেহারা দেখে টের পেতেন তারা কি শুনতে চায়! ঢাকায় বা ঢাকার বাইরের জনসভার চেহারা একইরকম ছিল। এখনও সেই ধারাটা আছে। আমাদের দেশের মানুষ জনসভা হলে ঠিকই আসে। শুধু নেতাকর্মী না, সাধারণ মানুষও আছে। এরশাদ ও বিএনপিবিরোধী আন্দোলনে আশি ও নব্বই দশকের জনসভাগুলোর চিত্র আমার মনে আছে। নির্বাচনী জনসভাগুলোও উৎসবের মত হয়ে থাকে। শো ডাউনের কথা থাকলেও মানুষ ঠিকই আসে।

বেবী মওদুদ: ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে মামলা দিয়ে একবছর কারাবন্দি করে রাখা হয়। তিনি মৌখিকভাবে আপনাকে ভারপ্রাপ্ত দিয়ে যান। আপনার সেই সংকটকালের সাহসী ভুমিকা ও দায়িত্বপালন সব মহলে প্রশংসিত হয়েছে। আপনার নিজের কিছু মনে হয়েছে?

জিল্লুর রহমান: আমি সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করেছি মাত্র। নেত্রীকে মুক্ত করাই ছিল আমার প্রধান লক্ষ্য। মিথ্যা মামলাগুলির তদারকি করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাটাও ছিল দায়িত্ব। নেত্রীকে ছাড়া কেউ কউ নির্বাচনে যেতে চেয়েছেন, আমি সেটা বর্ধিত সভার মাধ্যমে সাবধান করেছি। নেত্রীকে ছাড়া নির্বাচনের কোন প্রশ্নই হতে পারে না। দেশটা তো সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হচ্ছিল। আমাদের তথাকথিত সুশীল সমাজ, আন্তর্জাতিক চাপও কম ছিল না। আমার একটা কথাই ছিল নেত্রীর মুক্তি ও নির্বাচন ছাড়া কোন কথা হবে না।

বেবী মওদুদ: আপনার ওপরও চাপ সৃষ্টি করেছিল?

জিল্লুর রহমান: আমাকে তো গ্রেপ্তার করারও হুমকি দিয়েছিল। বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, যেতেও বলেছিল। আমি রাজি হইনি। বলেছি মারলে এখানেই মারবেনÑ কিন্তু আমার দায়িত্ব পালনে বাধা দেবেন না। আমি সারাজীবন গণতন্ত্রের কথা বলেছি, এখনও বলে যাবো। ভয় দেখাবেন না, এই বয়সেও আমি রাস্তায় নামতে পারি। আরও অনেক কথা আছে সব আপনার কাছে বলবো।

বেবী মওদুদ: বঙ্গভবনে এসে আইভী আপার কথা খুব মনে পড়ছে। তিনি থাকলে এখানে একটা সংস্কৃতি গড়ে তুলতে পারতেন। আপনার পূর্বের রাষ্ট্রপতিরাতো কেউ কিছু করেননি।

জিল্লুর রহমান: আইভী থাকলে এখানে এসে খুব খুশি হতো। এখানে অনেক ধরনের কাজ করতে পারতো। এখানে তো অনেকগুলো পুকুর, এতো ফল আর ফুলের গাছ। আমি সকালে পেছনের বাগানে একটুক্ষণ হাঁটাহাঁটি করি। পুকুরের মাছ যেদিন ধরা হয় কর্মচারীদের ভাগ করে দিতে বলি। যখন যে ফল হয় ভাগ করে তাদের দিতে বলি। এরা আমার খুব যতœ করে।

সন্ধ্যা নামার পূর্বে এখানে প্রচুর পাখির শব্দ শোনা যায়। মনে পড়ে সেই ছোটবেলায় গ্রামে থাকার স্মৃতি।

বেবী মওদুদ: এখানে এসে আপনি কেমন আছেন?

জিল্লুর রহমান: এখানে তো চিকিৎসকের কথা মতো চলতে হয়, খেতে হয়। ডায়বেটিসের রোগী আমি, ভালো সব কিছু খাওয়া নিষেধ। মিষ্টি খেতে পারি না। হিসেবের বাইরে খেতে পারি না। সকালে অফিসে বসি, কাজকর্ম দেখি। নাতি-নাতনিরা আসলে ওদের সঙ্গে গল্প করি। বই পড়ি। সন্ধ্যায় লোকজন এলে গল্প করে সময় কাটাই। কিন্তু ইচ্ছেমতো কোথাও যেতে পারি না। এটাই এখন দুঃখ।

বেবী মওদুদ: বাইরে মানুষ আপনাকে খুব শ্রদ্ধা করে। বিশেষ করে সাংবাদিকরা যারা সেই ওয়ান ইলেভেনে আপনার বাসায় প্রতিদিন যেতো, কোর্টে যেতো।

জিল্লুর রহমান: আমারও খুব মনে পড়ে সবার কথা। একটি তালিকা দিতে বলবেন, সবাইকে একদিন আমন্ত্রণ জানাবো।

বেবী মওদুদ: সবাই আসতে চায় আপনাকে দেখতে। এই যে আমি এসেছি, আপনাকে তো চল্লিশ বছর ধরে দেখছি। মনে হয় যেন ইতিহাসের কাছে এলাম, কিছুটা জানার সুযোগ হলো। আপনার কাছে আসতে কেউ কখনও ভয় পেয়েছে কি?

জিল্লুর রহমান: আমি তো সবার মাঝে যাই। সবার সঙ্গে কথা বলি, সবার কথা শুনি। সে বয়সে যত ছোট হোক। সবাইকে নিয়েই কাজ করতে পারাটাই তো শক্তি। এই শক্তি আমি পেয়েছি জীবনের দুঃখ কষ্ট শূন্যতা থেকে। এই শক্তি নিয়েই আমি দেশের জন্য কাজ করেছি। এই বয়সে এসে মনে হয় আরও কত কাজ বাকি ছিল। আরও কাজ করতে পারতাম যদি। জানিনা, আর সম্ভব হবে কী না?

পুরনো খবর:

বঙ্গবন্ধু ছিলেন আমার রাজনৈতিক গুরু: জিল্লুর রহমান
রাজনীতিবিদদের সব খবর রাখতে হয়: জিল্লুর রহমান