২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের সব খবর রাখতে হয়: জিল্লুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেবী মওদুদ, সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮৪ বছরের জীবনে ৬৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল ইতিহাস। তার মৃত্যুতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আমাদের দুর্ভাগ্য তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখার সুযোগ হলো না। নব্বই দশকের দিকে তার কাছে একবার প্রস্তাব রাখি, ‘আপনার স্মৃতিকথা লিখছেন তো?’ তিনি বলেছিলেন, ‘সময় কোথায়? চিন্তাভাবনা করে লিখতে হয়। কখন লিখবো?’ বলেছিলাম, ‘একজন সাংবাদিক ঠিক করে দেই, যে আপনার কথা শুনে শুনে লিখবে।’ বলেছিলেন, ‘সেটা কী কেউ পারবে? তবে আপনি যদি নেন আমি রাজি আছি। আপনার ওপর ভরসা করা যায়, আপনি বঙ্গবন্ধুর কাজ করছেন।’

আমি কথা দিয়েছিলাম, ‘ঠিক আছে। আপনি বলে যাবেন, আমি ক্যাসেটে নিয়ে লিখে ফেলবো।’ কথা হলেও কাজটি হয়নি। কখনও তার ব্যস্ততা, কখনও দেশের নানা পরিস্থিতি ও সংকটের কারণে। তার সঙ্গী আমাদের আইভী আপাও খুব খুশি হয়েছিলেন আমি একাজ করবো শুনে। তাকে বলেছিলাম ‘আপনার স্মৃতিকথা লিখতে শুরু করেন।’ কিন্তু তিনিও তো চলে গেছেন ভয়াবহ রক্তাক্ত স্মৃতি রেখে। এর সঙ্গে আমার দায়িত্বহীনতাও ছিল।

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করার সময় আমি তার একটি সাক্ষাৎকার নেওয়ার উদ্যোগ নেই। প্রশ্নগুলো ঠিক করি। ক্যামরাম্যানের সঙ্গে কথাও বলে রাখি আমি। দুইদিন যাবো, পনেরো মিনিট ধরে কিছু সময় বিরতি দিয়ে দিয়ে করা হবে। এরপর আমার অসুস্থতা ও হাসপাতাল অবস্থানে অনেকখানি সময় চলে যায়। ইন্ডিপেনডেন্ট ছেড়ে আসি- সব মিলিয়ে আমি নিজেকেই আজ দায়ী করছি।

জিল্লুর রহমানকে অনেকের মত আমিও কখনও ‘কাকা’, কখনও ‘চাচা’ ডাকতাম। তার সাক্ষাৎকার নেবার জন্য তিনি তথ্যসম্বলিত কয়েকটি বই দিয়ে বলেছিলেন, ‘এগুলো পড়লে আপনার প্রশ্ন করতে সুবিধা হবে।’

যদিও প্রশ্নগুলো আগেই করে রেখেছিলাম, কিন্তু বইগুলো পড়ে তাকে জানার ও চেনার আরো সৌভাগ্য হলো। তার সঙ্গে সাক্ষাৎকালে ও সাক্ষাৎকারের কাজে আমার যেসব কথাবার্তা হয় তাই নিয়ে এই লেখা।

কবীর চৌধুরীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। বঙ্গভবনে দুজনে অনেক গল্প করতেন, এটা দুজনেই আমাকে বলেছিলেন। কবীর চৌধুরী বয়সে তার চেয়ে বড় ছিলেন। জিল্লুর রহমান সাহেব একদিন বললেন, ‘কবীর ভাইকে তো সেই ছাত্রজীবন থেকে চিনি। তার কাছে শিল্প-সাহিত্যের অনেক কথা শুনি, গল্পও করেন। ভালো বইয়ের নাম পাওয়া যায় তার কাছে।’

আমি প্রশ্ন করলাম, ‘আপনি তো রাজনীতিবিদ। শিল্প-সাহিত্যের খবর রাখেন?’

জিল্লুর রহমান মৃদু হেসে উত্তর দিলেন ‘রাজনীতিবিদদের সব খবর রাখতে হয়। আমি তো স্কুল ছাত্রজীবন থেকে গল্পের বই, পত্র-পত্রিকা পড়ে আসছি। এখনও অবসরে বই পড়ে সময় কাটাই। একদিন বই না পড়লে মনে হয় যেন কি ফাঁকি দিলাম।’

কবীর চৌধুরী মারা যাবার পর আমি বঙ্গভবনে ফোন করে বলেছিলাম, ‘তার (রাষ্ট্রপতি) পক্ষে ফুল পাঠানোর জন্য। উত্তর পেলাম, ‘এটা প্রটোকলে দেয়া যায় না।’ রাষ্ট্রপতির এডিসিকে বললাম, ‘আচ্ছা রাষ্ট্রপতিকে একবার বলুন না যে কবীর চৌধুরী মারা গেছেন, তার কফিনে ফুল পাঠাতে আমি অনুরোধ করছি।’

প্রায় এক-দেড় ঘণ্টা পর উত্তর পেলাম, ‘রাষ্ট্রপতি ফুল পাঠাবেন। কোথায় পাঠাবো?

কয়েকদিন পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বললেন, ‘আমি নিজে গিয়ে শ্রদ্ধা জানাতে না পেরে খুব কষ্ট পেয়েছি। উনি আমাদের বড় ভাই ছিলেন। বাংলা ও ইংরেজি- দুটি ভাষাতেই চমৎকার বক্তৃতা দিতেন। আমাদের সময়ে কবীর চৌধুরী ও মুনীর চৌধুরী দুটি মেধাবী নাম ছিল। কবি শামসুর রাহমান ছাত্রজীবনে আমার বন্ধু মানুষ ছিলেন। উনি মাঝে মাঝে দুপুর বেলা আমার রুমে চলে আসতেন। কত গল্প করতেন। একটানা সিগারেট চা খেতেন। নিজের লেখা কবিতা আমাকে পড়ে শোনাতেন। আমি তো মুগ্ধ হয়ে শুনতাম। কিন্তু যখন জিজ্ঞাসা করতেন কবিতাটা কেমন হয়েছে, আমি লজ্জা পেতাম। আমাদের কাছে তখন তার কবিখ্যাতি ছিল অসাধারণ।’

বেবী মওদুদ: আপনি তো রাজনীতিবিদ। রাজনৈতিক মহলে আপনার পদচারণা ছিল। এই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও আপনার বন্ধু ছিল?

জিল্লুর রহমান: আমাদের সময়টা ছিল ক্রান্তিকাল। পাকিস্তান  হয়েছে ...। পাকিস্তানি শাসকদের বিমাতাসুলভ আচরণ ...। প্রথমেই তারা মাতৃভাষার ওপর আক্রমণ করলো। সেই আটচল্লিশে প্রথম ধর্মঘট-গ্রেপ্তার-আন্দোলন চললো। বায়ান্নতে আমি তো সরাসরি জড়িত হয়ে যাই। ১৪৪ ধারা ভাঙার আন্দোলনে আমরা যে এগারোজন নেতৃত্ব দেই তার মধ্যে আমিও একজন ছিলাম।

বেবী মওদুদ: আপনি তো আমাদের ইতিহাসে একজন মহান ভাষা সৈনিক হয়ে আছেন।

জিল্লুর রহমান: মহান হওয়ার কথা তখন আমাদের মাথায় ছিল না। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে- এটাই ছিল আমাদের শপথ, মরণপণ ভাবনা। আর আমাদের নেতা শেখ মুজিবের নির্দেশ।

বেবী মওদুদ: আপনি বঙ্গবন্ধুকে প্রথমে কখন দেখেন?

জিল্লুর রহমান : তখন আমি কলেজছাত্র। আসামের গণভোটে কাজ করার জন্য ঢাকা থেকে ছাত্রদের নিয়ে যাই। সম্ভবত করিমগঞ্জে হবে, তিনিও কলকাতা থেকে এসেছেন। তার বক্তৃতাও তখন প্রথম শুনি। এরপর তিনি যখন ঢাকায় চলে এলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হলেন, ছাত্রলীগ গঠন করলেন- তখন তার খুব কাছে চলে আসি এবং এখনও মনে হয় যেন তার কাছেই আছি। তিনিই আমাকে রাজনীতি শিখিয়েছিলেন। আমি তার বক্তৃতা শুনে শুনে বক্তৃতা দিতে শিখি। ১৯৫৮ সালে তিনি যখন সেগুনবাগিচার বাসায় থাকতেন, তখন আমরা প্রায়ই সন্ধ্যার পর তার কাছে গিয়ে আড্ডা দিতাম। একদিন আড্ডা দিয়ে ঘরে ফিরে শুনলাম তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আবার তার বাসায় ছুটে গেলাম।

বেবী মওদুদ: বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে আপনার একটা সম্পর্ক গড়ে ওঠে তখন থেকে কী?

জিল্লুর রহমান: সম্ভবত। তখন তো ভাবীও চলে এসেছেন ঢাকায়। যুক্তফ্রন্টের নির্বাচনের পর দ্বিতীয় দফায় যখন বঙ্গবন্ধু মন্ত্রী হলেন, তখন তারা মিন্টো রোডে একটা পুকুরপাড়ে বাড়িতে থাকতেন। আমরা সেখানেও যেতাম। এরপর রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিসভা ভেঙ্গে যাওয়ার পর সবাই গ্রেপ্তার হয়ে গেলে ভাবী তিন ছেলেমেয়েসহ নাজিরাবাজারে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এরপর আবার ১৯৫৬ সালে আওয়ামী লীগের মন্ত্রিসভায় আবার মন্ত্রী হলে তখন আবদুল গনি রোডের বাসায় থাকতেন। এরপর তো তিনি দলের কাজের সুবিধার্থে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এবং দলের সাংগঠনিক কাজে সারাদেশ ঘুরতেন। আমি তার সফরসঙ্গী ছিলাম।

বেবী মওদুদ: বঙ্গবন্ধুর আত্মজীবনীতে একজন অ্যাডভোকেট জিল্লুর রহমানের নাম আছে, তিনি নিশ্চয় আপনি?

জিল্লুর রহমান: হ্যাঁ, আমি তখন এমএ ও আইন পাস করে আইনজীবী হয়েছি। ভালো কথা, আপনার পিতা (আব্দুল মওদুদ) তখন ঢাকার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। আমার আইন পেশার শুরু তার কোর্টে। সেই মামলাটা ছিল ‘আদমজীর বিখ্যাত শ্রমিক দাঙ্গা’ মামলা। বাঙালি বিহারী শ্রমিকদের দাঙ্গায় বহু বাঙালি শ্রমিককে হত্যা করে বিহারীরা। সাধারণ শ্রমিকদের পক্ষে আইনজীবি ছিলেন আলী আমজাদ খান। আমি তার সহকারী ছিলাম। আদমজীর মালিকরা অনেক বড় বড় আইনজীবি আনলেও জিততে পারেনি, আমরাই জিতে যাই।

চলবে........