২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তরুণী খুন: প্রধান আসামি গ্রেপ্তার

সাভারে তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে এ মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নোয়াব আলী সাভারের ভবানীপুর পূর্বপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে।

শনিবার ভোরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারপাড়া বাজার থেকে নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়। রোববার নোয়াব আলীকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোয়াব আলী ওই তরুণীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ কর্মকর্তা আমিনুর।

তিনি বলেন, “নোয়াব আলীর দাবি ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রতিশোধ নিতেই সে ধর্ষণ ও হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।”

গত ২০ ফেব্রুয়ারি সাভার পৌরসভার ধরেন্ডা মধ্যপাড়ায় একটি আমবাগানে ওয়াহিদা বেগম (২২) নামের ওই তরুণীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। ওয়াহিদা সাভার পৌর এলাকার ধরেন্ডা মধ্যপাড়া মহল্লার লুদ্দু চানের মেয়ে। মুকবুল হোসেন নামে এক যুবকের সঙ্গে বিয়ে হলেও ওয়াহিদা শ্বশুরবাড়ি থাকতেন না।

প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে ওয়াহিদাকে ধর্ষণ ও হত্যার আলামত পাওয়া যায়।

পরে নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো দুজনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরদিন ভোরে ধরেন্ডা এলাকা থেকে সুলতান মাহমুদ, দেলোয়ার হোসেন, সাহজাহান মিয়া ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ থেকে এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই জেলহাজতে রয়েছেন।