২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে অনশন

তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী গণ-অনশন করেছে নারায়ণগঞ্জবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ ব্যানারে শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়ে।

এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

গণ-অনশনে অংশ নেয়া বক্তারা বলেন, নারায়ণগঞ্জ এখন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। খুন, হত্যা, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজিতে দিশেহারা নারায়ণগঞ্জকে আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস নির্মূল করে একটি শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে হবে।

ত্বকী খুন হওয়ার ১৭ দিন পরও পুলিশ খুনিদের গ্রেপ্তার করছে না।

একজনকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে হত্যাকাণ্ডটি ভিন্নখাতে প্রবাহিত করে প্রকৃত খুনিদের বাচাঁনোর পাঁয়তারা চালছে বলেও অভিযোগ করেন তারা।

তারা সরকারকে ত্বকী হত্যাকাণ্ড নিয়ে জজ মিয়া নাটক না সাজানোর পরামর্শ দেন।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিনের সভাপতিত্বে গণ-অনশনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, বিকেএমইএ পরিচালক জি এম ফারুক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইল, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফ দিপু, সিটি করপোরেশন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বাসদ এর সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশের ওয়াকার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।