বাঘ গুণতে এবার ক্যামেরা
দেশে বাঘের সংখ্যা নির্ণয়ে চলমান পদ্ধতি পরিবর্তন করে নতুন পদ্ধতি প্রবর্তনের অংশ হিসেবে গোপন ক্যামেরা ব্যবহার করে বাঘশুমারির একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে বনবিভাগ।
চলমান পদ্ধতিতে বাঘের পায়ের ছাপ গণনা করে (পাগমার্ক) বাঘশুমারি করা হয়। আর নতুন পদ্ধতিতে (ক্যামেরা ট্রাপিং) ক্যামেরার চোখেই ধরা পরবে বাঘের সংখ্যা।
আগামী এপ্রিল মাস থেকে বাঘশুমারিতে পরীক্ষামূলকভাবে ক্যামেরা ট্রাপিং চালু করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক ড. তপন কুমার দে৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাগমার্ক পদ্ধতির চেয়ে ক্যামেরা ট্রাপিং পদ্ধতি বেশি কার্যকর এবং তা বিশ্বজুড়ে স্বীকৃত।”
পায়ের ছাপ ধরে বাঘের সংখ্যা নির্ণয়ের পদ্ধতিকে অচল উল্লেখ করে তপন বলেন, “তাই আমরা বৈজ্ঞানিক ও সারাবিশ্বে সমাদৃত ক্যামেরা ট্রাপিং পদ্ধতি বেছে নিয়েছি।”
পায়ের ছাপ ধরে বাঘের সঠিক সংখ্যা গণনা করাটা অনেক কঠিন বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ মনিরুল এইচ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বলা হয়ে থাকে প্রতিটি বাঘের পায়ের ছাপ আলাদা। কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আর বাঘ সবসময় একই রকম মাটির উপর দিয়ে একই মুডে হাঁটে না।”
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে ২০১৭ সাল পর্যন্ত সময়ের জন্য বন বিভাগ একটি অ্যাকশন প্ল্যান (কর্মপরিকল্পনা) তৈরি করেছে। ড. মনিরুলও এই প্রকল্পের সদস্য।
২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ভারতের বিশেষজ্ঞদের সহায়তায় পায়ের ছাপের ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে ছয় হাজার বর্গকিলোমিটারের সুন্দরবনে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করা হয়। এর মধ্যে ১২১টি পুরুষ, ২৯৮টি বাঘিনী এবং ২১টি শিশু বাঘ।
তবে প্রকৃতপক্ষে বাঘের সংখ্যা আরো কম হবে বলে মনে করেন অধ্যাপক মনিরুল।
তিনি বলেন, “ব্যক্তিগত উদ্যোগে ২০০৬ সালে ক্যামেরা ট্র্যাপিং ও আপেক্ষিক সংখ্যা পদ্ধতি অনুসরণ করে সুন্দরবনে আমি একটি শুমারি করি। এই পদ্ধতিতে বাঘ পাওয়া গেছে ২০০টি৷”
ক্যামেরা ট্রাপিং পদ্ধতি সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করবে- এ আশাবাদ ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মানুষের চেহারা যেমন একরকম হয় না, তেমনি প্রতিটা বাঘের শরীরের ডোরাও আলাদা আলাদা। তাই ছবি তুলে রাখতে পারলে সেটা চিহ্নিত করা আরো সোজা হয়।”
তবে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে কাজ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “বাঘ সাধারণত একটি নির্দিষ্ট ট্রেইল ধরে চলাচল করে। সবার আগে সেই ট্রেইলগুলো সঠিকভাবে চিহ্নিত করা জরুরি। সেভাবেই ক্যামেরাগুলো বসাতে হবে।”
তপন কুমার দে বলেন, প্রাথমিকভাবে সুন্দরবনের যে অঞ্চলগুলোতে বাঘের আনাগোনা বেশি সেরকম কয়েকটি পয়েন্টে মোট ৬০টি ক্যামেরা বসানো করা হবে। প্রতি দুই কিলোমিটার পরপর প্রত্যেকটা পয়েন্টে থাকবে দুটি করে ক্যামেরা।
বাঘের প্রকৃত সংখ্যা জানতে পারলে বাঘ রক্ষায় আরো কারযকর পদক্ষেপ নেয়া যাবে বলেও মনে করেন তিনি।
কমে আসছে বাঘ
বণ্যপ্রাণি বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম বলেন, পাকিস্তান আমলে ১৭টি জেলার মধ্যে ১৩টিতে বিভিন্ন প্রজাতির বাঘ ছিল। আর এখন আছে কেবল সুন্দরবনে। আর বিশ্বজুড়ে মাত্র ১৩টি দেশে বাঘের বিচরণ রয়েছে, যার সংখ্যা চার হাজারের কাছাকাছি।
তবে এর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের সুন্দরবনে।
তিনি বলেন, “বাঘ শিকারের চেয়ে বাঘের খাবার শিকার বেশি ভয়ানক। কিন্তু বন বিভাগ এবিষয়ে কিছুই করতে পারছে না। প্রায় ১১ হাজার হরিণ প্রতি বছর মারা পড়ছে।”
হরিণ শিকার নিষিদ্ধ থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এমনটি ঘটছে বলে মনে করেন তিনি।
এই বিশেষজ্ঞ সুন্দরবনের আশেপাশের ৮টি উপজেলার ৮০০ পরিবারের ওপর পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, এসব এলাকার প্রতিটি পরিবার বছরে অন্তত এক কেজি করে হরিণের মাংস খেয়েছে। এ থেকেই বোঝা যায় বাঘের খাবার সঙ্কট কী হারে বাড়ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১০ সালের জুলাই পর্যন্ত দুই বছরে লোকালয়ে বাঘ এসেছে ১২৩ বার। এর মধ্যে গণপিটুনিতে পাঁচটি বাঘ মারা গেছে। আর বাঘের আক্রমণে মারা গেছে ৫১ জন মানুষ ও ৩৬টি গবাদিপশু।
২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এ সময়ে বাঘ মারা পড়েছে ২৩টি।
বন উজাড়, বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রে পানির স্তর বেড়ে আবাসস্থল কমে যাওয়া এবং লোকালয় বেড়ে যাওয়ার কারণে সেই বিচরণ এলাকা কমে যাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা।
এছাড়া প্রতিবছর চোরা শিকারীদের হাতে গড়ে পাঁচটি বাঘ মারা পড়ে বলে জানান মনিরুল।
অার জ্ঞানভিত্তিক বন বিভাগ গড়ে তোলা না গেলে বাঘ রক্ষার কোনো উদ্যোগই কাজে আসবে না বলে মনে করেন অধ্যাপক আনোয়ার।
তার মতে, বন বিভাগের সবচেয়ে দুর্বল বিভাগ ওয়াইল্ড লাইফ সার্কেলকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কার্যকর করতে হবে, বাড়াতে হবে লোকবল।
বন বিভাগের তথ্যের ঘাটতি পূরণে উপযুক্ত বৈজ্ঞানিক গবেষণার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তার বক্তব্যে সায় দিয়ে মনিরুল বলেন, "বিজ্ঞানভিত্তিক তথ্য যখন ব্যবস্থাপনার সঙ্গে মিলে যায়, তখনই সেই ব্যবস্থাপনা এবং তথ্য কার্যকর হয়।"
বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমন্বিত সামাজিক উদ্যোগ নেয়ার কথা বলেন তিনি।
