২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে দুর্ঘটনায় সংস্কৃতিকর্মীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোটেম্পু ও মোটরসাইকেলের সংঘর্ষে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকর্মী সাইফুল ইসলাম (৪০) মারা গেছেন। আহত হন ছয় জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় নিহত সাইফুল উপজেলার শ্রীমুখ গ্রামের প্রয়াত আবুল কাশেম ওরফে ঝুন্টু মিয়ার ছেলে।

আহতদের মধ্যে সাইফুলের স্ত্রী তাজনুর বেগম (৩০), পুনতাইড় গ্রামের আফজাল হোসেন (৫০), রেহেনা খাতুন (১৮), শাহানা বেগমকে (২২) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সাইফুল ইসলাম মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি সাঘাটা উপজেলার নশিরা পাড়া গ্রামে যাচ্ছিলেন।

পথে একটি যাত্রীবাহী টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সাইফুলের মৃত্যু হয়।

পিুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।