রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রাজধানীর রমনা, গেণ্ডরিয়া, মোহাম্মদপুর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, মো. সোহেল (২০), মো. ইমন (১২), মো. হারুন-উর-রশিদ, নাসরিন আক্তার (৩৬) ও বিশু সিকদার (১২)।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হয় সোহেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ক্যান্টিন বয় ছিল বলে তিনি জানান। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
গেন্ডারিয়া থানার এসআই মনির হোসেন মোল্লা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দয়াগঞ্জ মোড়ে গাড়িচাপায় পথশিশু ইমন নিহত হয়।
এদিকে মোহাম্মদপুর থানার কাটাসুরে আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় হারুন-উর-রশীদ (৫৫) নামে এক দুধ বিক্রেতার মৃত্যু হয়। মোহাম্মদপুর থানার এসআই আফজাল হোসেন জানান, ট্র্রাক চালক মোজাম্মেলকে ট্রাকসহ আটক করা হয়েছে।
এছাড়া ওই রাতে মহাখালী ফ্লাইওভারের নিচে রাস্তায় মটর সাইকেলের ধাক্কায় নাসরিন আক্তার গুরুত্বর আহত হন। আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে বনানী থানার এসআই মাহফুজুল হক জানিয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই রতন কুমার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড়ে একটি ট্রাক বিশু সিকদারকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সে ওই সময় লেগুনা থামিয়ে যাত্রী ডাকছিল।
পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকাল ৮টায় হাসপাতালে মারা যায় লেগুনা চালকের সহকারী বিশু।
এদিকে ভাটার থানা পুলিশ রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে আব্বাস আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত আর কিছু জানায়নি।
ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
