বিদেশ গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু ২ এপ্রিল
বিদেশ গমনেচ্ছু নারী শ্রমিকদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া আগামী ২ এপ্রিল শুরু হবে।
এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় একটি পৃথক ডাটাবেস তৈরি করছে বলে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গৃহপরিচারিকা ও সেবিকাসহ বিভিন্ন পেশায় কাজ করতে আগ্রহী নারী শ্রমিকরা এই ডাটাবেসে নাম নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে শ্রমিকের পছন্দসই পেশা ও নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী তাদের বিদেশে পাঠানো হবে।
বিএমইটি মহাপরিচালক বলেন, আগামী ২-৬ এপ্রিল ঢাকা ও বরিশাল; ৮-১২এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট এবং ১৫-১৯ এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগে নিবন্ধনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগ্রহীদের মধ্যে যাদের বয়স ২৫-৩৫ এবং যারা অষ্টম শ্রেণী পাস করেছেন শুধুমাত্র তারাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
বেগম শামসুন্নাহার আরো জানান, হংকং যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে সেদেশে পাঠানো শুরু হবে।
হংকংয়ে নারী শ্রমিকদের পাঠানোর জন্য বিএমইটির দুটি ট্রেনিং ইনস্টিটিউটে ইতোমধ্যে কয়েকটি গ্রুপকে দুই মাসের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসঙ্গে তাদের ইংরেজি ভাষা শেখানো হয়েছে।
এ বছরের জানুয়ারিতে বাংলাদেশ থেকে ৮০ হাজার নারীকর্মী নেয়ার চাহিদাপত্র পাঠায় হংকং।
