মাদারীপুরে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে মাইক্রোবাস চাপায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে বালিগ্রাম ইউনিয়নের ইটেরপোল-পাথুড়িয়ারপাড় সড়কে এ দুর্ঘটনায় নিহত হয় শাহিন খান (১২)।
শাহীন শরীয়তপুরের নাগেরপাড় এলাকার হোসেন খানের ছেলে। সে ডাসারের সনমন্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।
ডাসার থানার ওসি একেএম শাহিন মন্ডল বলেন, মাদ্রাসার সামনে একটি মাইক্রোবাস শাহিনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
