শেষবার নিজের বাড়িতে রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে জানাজা শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গুলশানে তার নিজের বাড়ি ‘আইভি’স লেগাসিতে।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে এই স্ত্রী আইভি রহমানের নামে গড়া এই বাড়িতেই থাকতেন জিল্লুর রহমান।
এখন থেকে কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতির কফিন নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে স্ত্রী আইভি রহমানের কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি।
বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।
দুপুরে এক ঘণ্টার জন্য রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনের দরবার হলে রাখা হয়। বিভিন্ন বন্ধু দেশের প্রতিনিধি, কূটনীতিক ও বিদেশি অতিথিরা সেখানে জিল্লুর রগমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এরপর জাতীয় ঈদগাহে তার দ্বিতীয় জানাজা হয়।
