গাজীপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন
গাজীপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন লেগে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আঢ়ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনা তদন্তে দুপুরে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তদন্ত চলছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত নির্বাচন অফিসে গিয়েছেন।
অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সেবাস্টিন রেমাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা পল্লীবিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক (জিএম) সৈয়দ অহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন এবং জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান।
তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, বলেন জেলা প্রশাসক।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধঘণ্টার চেষ্টায় গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
আগুনে ৩০টি ল্যাপটপ, তিনটি স্ক্যানার মেশিন, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রীসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
বন্ধের দিন কিভাবে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি বলে জানান হাসানুজ্জামান।
