২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ ত্বকীর বাবা

নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পরও রিফাত বিন ওসমান ছাড়া অন্যদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক রিফাতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রফিউর রাব্বি বৃহস্পতিবার অভিযোগ করেন, ত্বকীর হত্যার ঘটনায় শামীম ওসমান, তার ছেলে অয়ন, যুবলীগ ক্যাডার পারভেজসহ সন্দেহভাজন হিসাবে সাত জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হলেও তাদের আইনের আওতায় আনা হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হয়তো দেশ ত্যাগও করেছে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী গত ৬ মার্চ শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ র্মাচ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ঘটনায় যে মামলা দায়ের করেন তার এজাহারে আসামি হিসাবে কারো নাম না থাকলেও গত ১৮ মার্চ পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সালেহ রহমান সীমান্ত ছাড়াও রিফাতের নাম সন্দেহভাজন হিসাবে উল্লেখ করা হয়। 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এবং তার ঘনিষ্টজন হিসাবে পরিচিত রফিউর রাব্বি গত ১৫ মার্চ চাষাঢ়া শহীদ মিনারে এক সমাবেশ ত্বকী হত্যাকাণ্ডের জন্য সরাসরি শামীম ওসমানকে দায়ী করেন।

অবশ্য গত মেয়র নির্বাচনের পরাজিত প্রার্থী শামীম ওসমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

রিফাতকে জিজ্ঞাসাবাদ চলছে

ত্বকী হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত রিফাতকে (২২) রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, ওই হত্যাকান্ড সম্পর্কে রিফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত সংবাদ মাধ্যমকে জানানোর মত কোন তথ্য বা ক্লু পাওয়া যায়নি।

“ত্বকী হত্যাকান্ডের তদন্তের স্বার্থে প্রয়োজনে সিটি করপোরেশন এর মেয়র  সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমানের সঙ্গে কথা বলা যেতে পারে। আমরা যদি মনে করি তদন্তের জন্য তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন তাহলে আমরা তা করবো।”

শামীম ওসমান ও তার ছেলেসহ ৭ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে ত্বকীর বাবার দেওয়া চিঠি ব্যাপারে এই পুলিশ কর্মকর্তা জানান, যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা বা তারা কোনো মামলার এজাহারভুক্ত হয়ে থাকেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তা তিনি উপরের মহলকে জানাবেন।

শিশু সমাবেশ

এদিকে ত্বকী হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রথিন চক্রবর্তীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে উপিস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সাবেক সভাপতি রুমন রেজা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফারুক মহসিন, খেলাঘর জেলা শাখার সহ-সভাপতি সুলতানা, জহিরুল ইসলাম জহির, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন আক্তার, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রুনু আলী, জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা শিশু একাডেমীর পরিচালক মনোয়ারা সুরুজ, সাংবাদিক মোস্তফা করিম, জেলা বাসদের সভাপতি নিখিল দাস ও জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

উপস্থিত শিশুদের মধ্যে ত্বকী হত্যার প্রতিবাদের তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখে সালাউদ্দিন, ইমু, ও নদীসহ আরও অনেকে।

শিশুরা তাদের প্রতিক্রিয়ায় বলেছে, ‘আমরা নিরাপদে বাঁচতে চাই। যারা আমাদের ত্বকী ভাইকে হত্যা করেছে আমরা সেই খুনিদের বিচার চাই।’

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।